শক্তিধর রাষ্ট্রগুলোর কারণে পৃথিবী দুঃসহ: পরিবেশমন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ার স্বপ্ন নষ্ট হতে চলেছে। শক্তিধর রাষ্ট্রগুলো পৃথিবীকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যেখানে বসবাস করা দুঃসহ হয়ে পড়েছে।
আজ শনিবার রাজধানীর বন ভবনে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন এসব কথা বলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আনোয়ার হোসেন বর্তমান বিশ্বের বিভিন্ন সংকটের চিত্র তুলে ধরেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর যে ক্ষতি হচ্ছে, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে বিভিন্ন শক্তিধর দেশের নীতির কারণে। ইরাক, সিরিয়া, আফগানিস্তানে মানুষ মানবেতর জীবন যাপন করছে। নির্যাতনের কারণে রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। কোনো কোনো মহল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলছে, বাংলাদেশ কঠিন সংকটের মধ্যে পড়বে। কিন্তু তারা কেউ রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা বলছে না।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমেদ বলেন, প্যারিস চুক্তি কার্যকর না হলেও পৃথিবীর ওজোন স্তর রক্ষাবিষয়ক আন্তর্জাতিক চুক্তি মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে দেশগুলো অনেক দূর এগিয়ে গেছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যও কম নয়। তিনি বলেন, ওজোন স্তর রক্ষায় সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মিজ্ কিওকো ইয়োকোসুকা মন্ট্রিল প্রটোকলের সফল বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় বাড়ার সঙ্গে সঙ্গে রেফ্রিজারেটর, টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রীর ব্যবহার বাড়ছে। এতে ওজোন স্তরের ক্ষতি হচ্ছে। সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছ উল আলম মণ্ডল বলেন, ওজোন স্তর না থাকলে মানব জীবন বিপন্ন হবে। নানা ধরনের রোগব্যাধি দেখা দেবে। তবে জনগণের মধ্যে সচেতনতার কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী। অনুষ্ঠান শেষে বিশ্ব ওজোন দিবস ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।