শক্তিমান অভিনেতার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খলিল উল্লাহ খান
খলিল উল্লাহ খান

দুপুর ১২টা। মোহাম্মদপুরের নূরজাহান রোড। বাড়ি নম্বর টি-১২। এই বাড়িতেই ৫০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিমান অভিনয়শিল্পী খলিল উল্লাহ খান। একসময়ের প্রাণচঞ্চল সেই বাড়িতে আজ (রোববার) সুনসান নীরবতা। সিঁড়ি বেয়ে দোতলায় উঠি। কলবেলের শব্দে ভেতর থেকে একজন বেরিয়ে আসেন। পরিচয় জানাতেই বললেন, ‘বাসায় নানি (খলিলের স্ত্রী) ছাড়া কেউ নেই। আমি এসেছি নানার মৃত্যুসংবাদ শুনে। কিন্তু নানিকে এখনো তা জানানো হয়নি।’
খলিল উল্লাহ (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষদের একজন চলে গেলেন গতকাল রোববার বেলা সোয়া ১১টায়। রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান এই অভিনেতা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দুপুর সাড়ে ১২টা। বাড়ির সামনে লোকজনের ভিড়ও বাড়তে থাকে। কান্নাকাটির শব্দে বাড়ির পরিবেশ ভারী হতে থাকে। লোকজনের আনাগোনায় স্বামীর মৃত্যুর বিষয়টি বুঝতে সমস্যা হয় না রাবেয়া খানমের। এরপর তিনি নির্বাক হয়ে যান।
হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে খলিলের মরদেহ নিয়ে যাওয়া হয় নূরজাহান রোডের বাড়িতে। কিছুক্ষণ সেখানে রাখার পর মরদেহ নিয়ে এফডিসির পথে যাত্রা করে অ্যাম্বুলেন্স। সাড়ে তিনটায় এফডিসিতে পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত হয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অভিনয়শিল্পী রাজ্জাক, আলমগীর, এ টি এম শামসুজ্জামান, ওমর সানী, মিশা সওদাগর প্রমুখ।
প্রযোজক-পরিবেশক সমিতির কার্যালয়ের সামনে খলিলের মরদেহ রাখার জন্য মঞ্চ তৈরি করা হয়। এখানে বিএফডিসি কর্তৃপক্ষ, শিল্পী সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি, বাচসাসসহ কয়েকটি সংগঠন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।
এফডিসিতে জানাজা শেষে সলিমুল্লাহ রোডে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন খলিল।
স্কয়ার হাসপাতালের চিকিত্সক খালেদ মোহসিন বলেন, ‘হার্ট অ্যাটাক হওয়ায় ৪ ডিসেম্বর রাতে তিনি আমাদের হাসপাতালে চিকিত্সা নিতে আসেন। এর পর থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। খলিল সাহেব নিয়মিত ডায়ালাইসিস করাতেন। তিনি নানা ধরনের শারীরিক সমস্যায়ও ভুগছিলেন।’
স্কয়ার হাসপাতালে প্রবীণ অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘খলিল ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ। আমার পারিবারিক সদস্য। আমরা একজোড়া। আমি একা হয়ে গেলাম।’ অভিনেতা রাজ্জাক বলেন, ‘সবাইকে যেতে হবে একদিন। প্রিয়জন হারালে মনে কষ্ট লাগে। আমরা হারিয়েছি অতি প্রিয় একজনকে। আসুন আমরা সবাই মিলে তাঁর জন্য মন থেকে দোয়া করি।’


অভিনেতা আলমগীর বলেন, ‘ ভাই আমাদের সবার পিতৃতুল্য ছিলেন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের অভিভাবক চলে গেছেন।’
খলিলের মরদেহ এফডিসি থেকে নিয়ে যাওয়ার পর অভিনেত্রী ববিতা সেখানে এসে উপস্থিত হন। তিনি বলেন, ‘আলোর মিছিল ছবিতে আমি প্রথম খলিল ভাইয়ের সঙ্গে অভিনয় করি। অসম্ভব মজার একজন মানুষ তিনি। আমাকে খুব স্নেহ করতেন।’
স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন খলিল। ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাবার চাকরিসূত্রে দুই বছর বয়সে সিলেটে চলে আসেন। সেখানেই তাঁর শৈশব কাটে।
খলিল অভিনীত প্রথম চলচ্চিত্র কলিম শরাফী ও জহির রায়হান পরিচালিত সোনার কাজল। প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত গুণ্ডা ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। বাংলা ও উর্দু মিলিয়ে খলিল প্রায় ৮০০ ছবিতে অভিনয় করেছেন। ২০১২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা অর্জন করেন তিনি।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও সফল ছিলেন খলিল। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক সংশপ্তক। এই নাটকে তিনি ‘মিয়ার বেটা’ চরিত্রে অভিনয় করেছেন, যা এখনো মানুষের মনে গেঁথে আছে।