কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা
শক্তিশালী অংশীদারির ভিত্তিতে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, ‘শক্তিশালী অংশীদারির ভিত্তিতে আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যা হবে শান্তিপূর্ণ, নিরাপদ, সমৃদ্ধশালী, সুস্থ ও গণতান্ত্রিক।’গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পানের ছড়ায় ইউএসএআইডির প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত দুর্যোগ প্রস্তুতি ও খাদ্যনিরাপত্তা প্রকল্প পরিদর্শনে গতকাল সকালে ড্যান মজিনার নেতৃত্বে একটি প্রতিনিধিদল কক্সবাজারে আসে। দলে ছিলেন ইউএসএআইডির মিশন পরিচালক রিচার্ড গ্রিন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট ফ্রান্সিস উইয়ারজিন্সকি।ড্যান মজিনা বলেন, ‘পানের ছড়ার এই দুর্গম গ্রামে আমরা অংশীদারির ভিত্তিতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয়টি তৈরি করেছি, যাতে দুর্যোগের সময় এলাকার মানুষ আশ্রয় নিতে পারে।’ তিনি আরও বলেন, ‘মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুদের স্বাস্থ্য উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করছি। এ ছাড়া কৃষকদের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করছি।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর ও পানের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন প্রমুখ। মার্কিন রাষ্ট্রদূত ও সেনা কমান্ডার ওই বিদ্যালয়ে ৩৭৬ জন শিক্ষার্থীকে একটি করে স্কুলব্যাগ উপহার দেন।সূত্র জানায়, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীতে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত এক কোটি মার্কিন ডলার ব্যয়ে ওই রকম ৪০টির বেশি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ২০১১ সালে ১০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।