সবার অংশগ্রহণে নির্বাচন চায় ইইউ পার্লামেন্ট

বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে শক্তিশালী ও সক্ষম একটি নির্বাচন কমিশন গঠনে জোর দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের এক প্রতিনিধিদল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত ওই নতুন নির্বাচন কমিশনটি এমন হতে হবে, যাতে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে ভোটারদের আস্থা থাকবে।
ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির এক প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাদের এই মত তুলে ধরে। আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সহায়ক পরিবেশ সৃষ্টির কথাও বলেছেন প্রতিনিধিদলের সদস্যরা।
চার দিনের বাংলাদেশ সফরের শেষ প্রান্তে এসে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি ঢাকায় ইইউ দূতাবাসে সংবাদ সম্মেলনে কথা বলে।
সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার ঠিক আগে প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেন। সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে কথা বলেন। সংবাদ সম্মেলনের পর প্রতিনিধিদলটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের কার্যালয়ে যায়।
সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের অন্যতম সদস্য ও ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির প্রধান জিন ল্যামবারটের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাজনৈতিক পরিস্থিতি, মৌলিক অধিকার-এসব বিষয় নিয়ে এই সফরে কী আলোচনা হয়েছে? আর বাংলাদেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিকে তাঁরা কীভাবে দেখছেন? এ প্রশ্নের উত্তরে জিন ল্যামবারট বলেন, ‘সাধারণ পরিস্থিতি নয়, এই সফরে আমাদের মূল বিবেচ্য ছিল বাণিজ্য। কাজেই রাজনীতি নিয়ে আমাদের মধ্যে কম আলোচনা হয়েছে। অবশ্যই আমরা একটি শক্তিশালী ও সক্ষম নির্বাচন কমিশন গঠনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছি, যাতে করে নির্বাচন কমিশনের ওপর জনগণ আস্থা রাখতে পারে। নির্বাচন পরিচালনার সময় কমিশনকে এমন সিদ্ধান্ত নিতে হতে পারে, যা একপর্যায়ে রাজনৈতিক দলগুলোর অপছন্দের কারণ হতে পারে। কিন্তু নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব।’
পরবর্তী নির্বাচন কমিশন সম্পর্কে বলতে গিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতা বারন্ড লাঙ্গা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবশ্যই স্থিতিশীল। নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন হতে যাচ্ছে। যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই এটি গঠন করার ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’
হলি আর্টিজান বেকারিতে ১ জুলাইয়ের জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে প্রতিনিধিদলের নেতা নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে যথার্থ ভারসাম্য রাখার ওপর জোর দেন।
জিন ল্যামবারট মনে করেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক করার বিষয়ে তাঁরাও একমত। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটি রাজনৈতিক দলের। তবে এটি এমন একটি পরিবেশে হতে হবে, যাতে করে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুযোগকে কাজে লাগাতে পারে।
জিন ল্যামবারট জানান, মতপ্রকাশের স্বাধীনতা, বেসরকারি সাহায্য সংস্থার অনুদানবিষয়ক আইন, তথ্যপ্রযুক্তি আইন ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়েছে।