শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলটির ১১ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় যোগ দেন। পরে বঙ্গভবনের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, বৈঠকে রাষ্ট্রপতি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে থাকে।’
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি বিএনপির প্রতিনিধিদলকে বলেন, আজকের আলোচনা এবং আপনাদের সুচিন্তিত মতামত শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাষ্ট্রপতি বলেন, আলাপ-আলোচনায় মাধ্যমে যেকোনো ইস্যু সমাধানের বহু পথ খুঁজে পাওয়া যায়। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আপনাদের প্রস্তাবসমূহ পরবর্তী নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
এক ঘণ্টা স্থায়ী বৈঠকে রাষ্ট্রপতি একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটি সার্চ কমিটি ও নতুন নির্বাচন কমিশন গঠনে তাঁর দলের প্রস্তাব তুলে ধরেন। তিনি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য তাঁর দলের প্রস্তাবও তুলে ধরেন।
আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানোয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান খালেদা জিয়া। নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগে রাষ্ট্রপতির সাফল্যও কামনা করেন তিনি। পাশাপাশি বলেন, তাঁর দল নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে।
আগামী ফেব্রুয়ারি মাসে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। এরই অংশ হিসেবে আজ বিএনপির সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।