শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দক্ষ, সুশৃঙ্খল, সুসজ্জিত ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সশস্ত্র বাহিনীকে দেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী সম্পর্কে তাঁর সরকারের সুস্পষ্ট ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার নবগঠিত ৯৯ কম্পোজিট ব্রিগেডের পতাকা উত্তোলনের পর ঢাকা সেনানিবাসের ২০ বীর-এর প্রশিক্ষণ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রীর দরবারে ভাষণদানকালে এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণ করার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নে সম্ভব সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও নিরাপত্তা বজায় রাখার জন্য ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, ৫৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও ৩৪ বাংলাদেশ আর্টিলারি রেজিমেন্টকে নিয়ে ৯৯ কম্পোজিট ব্রিগেড গঠন করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের অ্যাডহক আর্মি এভিয়েশন গ্রুপের হ্যাঙ্গারে এক অনুষ্ঠানে ৯৯ কম্পোজিট ব্রিগেডের পতাকা উত্তোলন করেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ৫৮ ইস্টবেঙ্গলের পতাকা, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ৩৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের পতাকা এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ২০ ইঞ্জিনিয়ারিং কনস্টাকশন ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন।
মন্ত্রিসভার সদস্য, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী, সাংসদ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দরবারে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল-২০০৩-এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য নতুন ইনফ্যান্ট্রি, আর্মার, আর্টিলারি, বিমান প্রতিরক্ষা ও ইঞ্জিনিয়ারিং ইউনিট প্রতিষ্ঠা করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, পেশাগত দক্ষতার কারণেই সেনাবাহিনীকে পদ্মা সেতুর নির্মাণ পর্যবেক্ষণ এবং অন্যান্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার সব সময় জনগণের সেবক হিসেবে কাজ করতে চায়, কখনোই তাদের শাসক হতে চায় না।
দরবারে সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূইয়াও বক্তব্য দেন।