শখে চালাতে গিয়ে চালক
স্যামুয়েল দাস। বয়স বড়জোর ১২। সে ঠাকুরগাঁও পৌরসভার টিকিয়াপাড়ার হেমন্ত দাসের ছেলে। সে শহরের পথে পথে ইজিবাইক দাবড়িয়ে যাত্রী পরিবহন করছে। এত কম বয়সে ইজিবাইকে যাত্রী পরিবহন সম্পর্কে স্যামুয়েল বলে, গাড়িটি তার বাবার। সে শখ করে মাঝেমধ্যে গাড়ি চালিয়ে যাত্রী পরিবহন করে। এতে কিছু হাতখরচের টাকা আসে।
এ বিষয়ে হেমন্ত দাস বলেন, ‘বাড়িতে গাড়ি রাখার কারণে ছেলে তা নাড়াচাড়া করতে গিয়ে চালানো শিখে গেছে। পড়ালেখা ছেড়ে গাড়ি চালানো ঠিক নয়, এটা বুঝি। তবে সংসারে অভাবের জন্য অনেক সময় করার কিছু থাকে না।’
শুধু স্যামুয়েল নয়, শহরে ১২ থেকে ১৪ বছরের অনেক শিশুকে ইজিবাইকের স্টিয়ারিং হাতে যাত্রী পরিবহন করতে দেখা যায়।
সদর উপজেলার মুন্সিপাড়া মহল্লার মো. সাকিল (১৪) দুই বছর ধরে ইজিবাইক চালিয়ে যাত্রী পরিবহন করে। গত মঙ্গলবার শহরের গোবিন্দনগর থেকে চৌরাস্তা যেতে যেতে কথা হয় তার সঙ্গে। কীভাবে চালক হলো—জানতে চাইলে সাকিল বলে, সে একসময় শহরের রিভারভিউ উচ্চবিদ্যালয়ে পড়ালেখা করত। সপ্তম শ্রেণিতে পড়ার সময় শখেই সে বাবার ইজিবাইক চালাতে শুরু করে। একসময় লেখাপড়া ছেড়ে ইজিবাইকচালকের পেশায় নাম লেখায় সাকিল।
সদরের আকচা গ্রামের মিঠুন চন্দ্র (১৪) এক বছর ধরে শহরে ইজিবাইক চালায়। কিছুদিন আগে তারা পরিবারসহ সিরাজগঞ্জের এনায়েতপুরে থাকত। সেখানে থাকা অবস্থায় মিঠুন পড়ার ফাঁকে ফাঁকে ইজিবাইক চালাত। ইজিবাইক চালিয়ে হাতে যে টাকা আসত, তা দিয়ে প্রয়োজন মিটে যেত। গত বছর তারা ঠাকুরগাঁওয়ে চলে আসে। এরপর মিঠুন আর বিদ্যালয়ে যায়নি। এখন সে নিয়মিত ইজিবাইক চালাচ্ছে।
সদর উপজেলার কাজীপাড়ার মো. মুকিম (১২) পঞ্চম শ্রেণিতে পড়ার সময় চাচার ইজিবাইক চালাতে শুরু করে। এখন সে পড়ালেখা ছেড়ে ইজিবাইক চালায়। মুকিমের দাবি, এসব গাড়ি চালাতে বয়স লাগে না, মনে সাহস থাকলেই চলে।
এ ছাড়া গত সোম ও মঙ্গলবার সরেজমিনে ঠাকুরগাঁও শহরের রোড, বিসিক শিল্পনগরী, চৌরাস্তা, সত্যপীর সেতু এলাকায় সদর উপজেলার ডোডাপাড়া মাদ্রাসার শিক্ষার্থী মেরাজুল ইসলাম, হাজিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের মো. সোহরাব হোসেন, আমানতউল্লাহ ইসলামি একাডেমির জাহিদুল ইসলামসহ অর্ধশতাধিক শিশু-কিশোরকে শহরের বিভিন্ন সড়কে ইজিবাইক চালিয়ে যাত্রী গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে।
ঠাকুরগাঁও শহরে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ‘ক্লিয়ার প্রকল্প’ বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। এ বিষয়ে ক্লিয়ার প্রকল্প ঠাকুরগাঁওয়ের প্রকল্প ব্যবস্থাপক সুজন খান বলেন, ‘পড়ালেখার পাশাপাশি যানবাহন চালাতে গিয়ে অনেক শিশুই স্থায়ীভাবে ইজিবাইক, রিকশার চালক হয়ে গেছে। প্রকল্পের কাজ করতে গিয়ে এমন অনেক শিশুর সন্ধান পাওয়া গেছে।’
শহরের কালীবাড়ি মহল্লার শিক্ষক মোশাররফ হোসেন বলেন, ‘শহরে ১২ থেকে ১৪ বছরের অনেক শিশুকে ইজিবাইক চালাতে দেখা যাচ্ছে। ইজিবাইক চালিয়ে শিশুর হাতে টাকা এলে তারা আর পড়ায় মনোযোগ দিতে পারে না। একসময় এসব শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়ে। শিশুশ্রম আইন ২০১৩-তে ১৮ বছরের নিচের সবার জন্য গাড়ির চালকের সহকারীর কাজকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। সহকারীর কাজই যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে শিশু-কিশোরদের চালক হওয়ার তো প্রশ্নই আসে না।’
ঠাকুরগাঁও জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লুৎফর রহমান বলেন, শিশুদের হাতে ইজিবাইক তুলে দেওয়া ঠিক নয়। শিশুদের হাতে গাড়ি তুলে না দিতে সমিতির আওতার চালকদের সচেতন করা হবে।
পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, শিক্ষার্থীদের ইজিবাইক চালানো বন্ধ করতে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।