শখের টার্কি দিয়ে ব্যবসার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখের বশে আট মাস আগে এক জোড়া টার্কি কিনেছিলেন কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি গ্রামের জাকির হোসেন চৌধুরী। এরপর থেকেই একটি টার্কি ডিম পাড়া শুরু করে। এ পর্যন্ত ডিম থেকে ৩৫টি বাচ্চা ফুটেছে। এখন জাকিরের স্বপ্ন বাণিজ্যিকভাবে টার্কি পালন।
গত রোববার সকালে সরেজমিনে দেখা যায়, জাকির হোসেন (৫৫) টার্কিগুলোকে খাবার দিচ্ছেন। এগুলো খেয়েই টার্কিগুওলো স্তূপ করা কচুরিপানা খেতে ব্যস্ত হয়ে পড়ে। জাকিরের স্ত্রী হোসনা খানম বলেন, ‘বিভিন্ন ব্যক্তি বাড়িতে এসে ও মুঠোফোনে যোগাযোগ করে টার্কির একেকটি ডিম ৪০০ টাকায়, এক দিনের প্রতিটি বাচ্চা ১০০০ টাকা ও টার্কির প্রতি কেজি মাংস ৭০০ টাকা দিতে চাইছেন। কিন্তু, আমরা এখনই বিক্রি করছি না।’
পাশের বাড়ির বাসিন্দা স্কুলশিক্ষক খন্দকার মো. ইকবাল খান বলেন, ‘আমার মুরগির খামার ঘেঁষে ওই বাড়ির আঙিনায় টার্কিগুলো দৌড়ঝাঁপ করে। খোঁজ নিয়ে জেনেছি, দেশের কিছু কিছু জায়গায় এটির বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। ডিম, বাচ্চা ও মাংসের দামও অনেক।’
জাকির হোসেনের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, গত মার্চ মাসের শেষ সপ্তাহে টার্কি কেনেন তিনি। এরপর বাড়িতে ডিম পাড়া শুরু করলে তিনি ঢাকার খামারবাড়িতে গিয়ে টার্কি পালনের বই ও লিফলেট সংগ্রহ করেন। এগুলো পড়ে জানতে পারেন, দেশীয় মুরগি দিয়ে টার্কির বাচ্চা ফোটানো সম্ভব। পাঁচ-ছয়টি ডিম সংগ্রহের পরই মুরগি দিয়ে সেগুলোতে তা দেওয়ান তিনি। টার্কিটি একে একে ৫৬টি ডিম দেয়। পর্যায়ক্রমে নয়টি মুরগি দিয়ে ডিমগুলো বসান। একেকটি ডিম থেকে ২৭ দিনের মাথায় বাচ্চা বের হয়। এভাবে মোট ৩৫টি বাচ্চা ফোটে। পাঁচটি মারা যায়। এখন বাড়িতে থাকা ৩০টি পূর্ণবয়স্ক টার্কির মধ্যে ১৪টি মেয়ে ও ১৬টি ছেলে।
জাকির হোসেন চৌধুরী বলেন, ‘স্বপ্ন দেখি, ২০০ টার্কি হলেই ৩০-৩৫ হাজার টাকায় একটি মেশিন (ইনকিউবেটর) কিনে তাতে বাচ্চা ফোটাব। তৈরি করব টার্কির জন্য আলাদা ঘর।’ তিনি বলেন, ‘শখের বশে দুটি দিয়ে শুরু করলেও এখন ভাবছি বাণিজ্যিকভাবে টার্কি পালনের।’ আর ১০ মাসের মধ্যে ২০০ টার্কি হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘তখন ডিম, বাচ্চা ও টার্কির মাংস বিক্রি করব। আমার বিশ্বাস, সফল হব।’