শখের বশে শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সের ভারে বেঁকে গেছেন। তবুও কাজে কোনো ক্লান্তি নেই। খুটখাট আওয়াজ তুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন তিনি। কাঠ দিয়ে নিপুণভাবে তৈরি করেন দেব-দেবীর মূর্তি। এলাকার অনেকের মূর্তিও তৈরি করেছেন। নিতান্ত শখের বশে এ কাজ করেন। এ জন্য কোনো পারিশ্রমিক নেন না। শৌখিন এই কারুশিল্পীর নাম গুরুদাস রায় (৮৪)। বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার লখাইডাঙ্গা গ্রামে। সম্প্রতি গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে বসে একমনে কাঠ দিয়ে মূর্তি তৈরি করছেন। বসতঘরের টেবিলের ওপর সাজানো আছে কৃষ্ণ, শিব, জগন্নাথ, গণেশ, লক্ষ্মী ও কালীর মূর্তি। পাশেই পরিবারের সদস্যসহ রয়েছে তাঁর নিজের মূর্তিটিও।গুরুদাস রায় জানান, ১৯৯৬ সালে তিনি ভারতে যান। সেখানে এক রাতে তিনি স্বপ্ন দেখেন কাঠ দিয়ে কৃষ্ণের মূর্তি তৈরি করছেন। সকালে ঘুম থেকে উঠে দরজার কাছে একটি কাঠের টুকরো দেখতে পান। সেই কাঠ দিয়ে তৈরি করেন কৃষ্ণের মূর্তি। ২০০০ সালে দেশে ফিরে আসেন। এরপর একে একে তৈরি করেন বিভিন্ন দেব-দেবীর মূর্তি। এলাকার ২৫ জন লোকের মূর্তি তৈরি করে দিয়েছেন। গুরুদাস রায় আরও জানান, একজন মানুষ তাঁর নিজের একটি ছবি এবং কাঠ দিয়ে গেলে তিনি ওই ব্যক্তির মূর্তি বানিয়ে দেন। ছয় ইঞ্চি উচ্চতার একটি মূর্তি তৈরি করতে সাত-আট দিন এবং ১৮ ইঞ্চির মূর্তি তৈরি করতে নয়-দশ দিন লাগে। এ জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। গুরুদাস রায় বলেন, ‘নিতান্তই শখের বশে এ কাজ করি। দেব-দেবীর মূর্তি তৈরির মধ্য দিয়ে ভগবানের উপাসনা করি। মৃত্যুর আগ পর্যন্ত এ কাজ করে যাব।’ কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লক্ষ্মণ চন্দ্র ধর বলেন, ‘গুরুদাস রায়ের তৈরি কাঠের মূর্তিগুলো আমি দেখেছি। অসাধারণ শিল্পকর্ম। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া একজন মানুষের শিল্পকর্ম যে কত নিখুঁত হতে পারে, তা গুরুদাস রায়ের কাঠের মূর্তিগুলো না দেখলে বোঝা যাবে না।’