শখের ভেড়া এনেছে সচ্ছলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৈতৃক সূত্রে সামান্য জমি পেয়েছিলেন। ছিল ছোট্ট একটি দোকান। তাই দিয়ে টেনেটুনে চলে ১১ জনের সংসার। প্রায় ছয় বছর আগে শখের বশে চারটি ভেড়া কিনে পালন শুরু করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিল্লাল মিয়াকে (৪৬)।বিল্লালের খামারে বর্তমানে ৪৫টি ভেড়া। বর্গা দিয়েছেন ১২টি। প্রতিবছর বিক্রি করে আয় করছেন মোটা অঙ্কের টাকা। সেই টাকা দিয়ে চলে সংসারের খরচ, ছেলেমেয়েদের পড়াশোনা। তাঁর দেখাদেখি আশপাশের অন্যরাও শুরু করেছেন ভেড়া পালন।সরেজমিন: বিল্লাল তাড়াইলের ধলা ইউনিয়নের সেকান্দরনগর (বিয়াপাড়া) গ্রামের মৃত কুদরত আলীর ছেলে। সম্প্রতি তাঁর বাড়ির অদূরে বোয়ালিয়া হাওরে গিয়ে দেখা গেছে, ভেড়াগুলোকে মাঠে চরাচ্ছেন। বললেন শুরুর কথা।২০০৬ সালে ১২ হাজার টাকায় চারটি মাদি ভেড়া কিনে লালন-পালন শুরু করেন বিল্লাল। ছয় মাস পর সেগুলো নয়টি বাচ্চা প্রসব করে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই নয়টির মধ্যে মাদি ভেড়াগুলো বাচ্চা দেওয়া শুরু করে। এভাবে বাড়তে থাকে সংখ্যা। পূর্ণ বয়সের প্রতিটি মাদি ভেড়া বছরে দুবার বাচ্চা প্রসব করে।শুরুর দেড় বছরের মাথায় বিল্লাল আটটি ছোট-বড় ভেড়া বিক্রি করে আয় করেন ২০ হাজার টাকা। দ্বিতীয় বছর আয় করেন ৪৫ হাজার টাকা। এভাবে প্রতিবছর বাড়তে থাকে বিক্রি থেকে পাওয়া অর্থ। সর্বশেষ গত বছর ৭০ হাজার টাকার ভেড়া বিক্রি করেন তিনি।সহায়তা পেলে লাভ বাড়ত: নানা অসুখ ও সংক্রমণে এ পর্যন্ত বিল্লালের কমপক্ষে ৩৫টি ভেড়া মারা গেছে। এ ক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন বিল্লাল। নয়তো তাঁর লাভের পরিমাণ আরও বাড়ত।বিল্লাল তাঁর ভেড়াগুলো সাধারণত পাশের জাওয়ার বাজারে বিক্রি করেন। প্রতিটি প্রাপ্তবয়স্ক ভেড়া পাঁচ-ছয় হাজার টাকায় বিক্রি হয়। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে এর চাহিদা থাকে বেশি। তখন অনেকেই তাঁর বাড়িতে এসে কিনে নিয়ে যায়।ভেড়া পালন: দিনের বেলায় ভেড়াগুলো রাস্তার পাশে, হাওরে, পুকুরপাড়ে, বাজারের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ঘাস খায়। এ সময় বিল্লাল এবং তাঁর তিন ছেলে ও দুই মেয়ে এগুলোর ওপর নজর রাখেন। সন্ধ্যার আগে এগুলো বাড়ির খামারে নেওয়া হয়। বাড়ির আঙিনায় একটি টিনের ঘর বানানো হয়েছে।বিল্লালের স্ত্রী ইসমত আরা বলেন, ‘বাড়ির মধ্যে ভেড়া দেখে প্রথম প্রথম খুব খারাপ লাগত। কিছুদিন পর লাভ দেখে ভালো লাগে। এখন আমি নিজেও বাড়িতে দেখভাল করি।’বিল্লালের দেখাদেখি পাশের বাড়ির দুলাল মিয়া, জামেনা আক্তার, হাজীবাড়ির কয়েকজনসহ আশপাশের অনেকেই ভেড়া পালন শুরু করেছেন।বিল্লাল মিয়া বলেন, ‘টানাটানির সংসারে এগুলো সহায়ক হয়ে এসেছে। যত দিন বেঁচে আছি পালন করব।’অন্যরা যা বলেন: ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ‘ভেড়া পালন করে যে বাড়তি আয় করা সম্ভব, তার উদাহারণ বিল্লাল মিয়া। তাঁর মতো এ কাজে এগিয়ে এলে অনেকের পরিবারের অভাব দূর হবে।’তাড়াইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম বলেন, ‘বিল্লাল মিয়ার ভেড়া পালনের বিষয়টি প্রশংসনীয়। আমরা তাঁর খামারে গেছি। আগামীতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’