শখের হাঁস এনে দিয়েছে জীবনের নতুন স্বাদ
শখের বশে বছর দুয়েক আগে হাঁস পালন শুরু করেন মহির উদ্দিন শেখ (৬০)। সংসারে তেমন কোনো ঝামেলা নেই। তবে শারীরিক অসুস্থ হয়ে পড়ছিলেন। হাঁস পালন করতে গিয়ে সে অসুস্থতাও কাটিয়ে উঠে জীবনকে নতুন করে উপভোগ করছেন। গত মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় ফুলজোড় নদীর পারে গতকাল বুধবার কথা হয় মানুষটির সঙ্গে।
মহির উদ্দিন বলেন, বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের হাঁসখামারি মহির উদ্দিন প্রায় ১৫ দিন আগে ৭০০ হাঁস নিয়ে আস্তানা গাড়েন রায়গঞ্জের ফুলজোড় নদীর পারে। ধান চাষের এ মৌসুমে নিজের এলাকায় হাঁস পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় মাসতিনেক থাকতে হবে এখানে। তিনি বলেন, প্রথম বছর ৫০০ হাঁস পুষে ভালো লাভ হওয়ায় এ বছর ১ হাজার ৩০০ হাঁসের বাচ্চা নেন। কিন্তু গত নয় মাসে সেগুলোর অর্ধেকই মারা যায়। তাই এখন লোকসানের ঝুঁকিতে পড়েছেন তিনি। তবে হাঁসগুলো ঠিকমতো ডিম দিলে লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন তিনি।
এই খামারি আরও বলেন, স্ত্রী, দুই ছেলে আর দুই মেয়ে নিয়ে তাঁর সংসার। মেয়েদের বিয়ে দিয়েছেন। এক ছেলে দুবাই আর আরেকজন ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করে। নিজে তেল-সারসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু হাঁসের খামার করতে এসে যেন নতুন এক জীবনের স্বাদ পাচ্ছেন তিনি। বছর দুয়েক আগে ডায়াবেটিক রোগ ধরা পড়লে চিকিৎসক তাঁকে হাঁটাহাঁটিসহ কায়িক পরিশ্রমের পরামর্শ দেন। কিন্তু শুধু শুধু না হেঁটে তিনি হাঁসের পেছনে বেশি সময় দিতে শুরু করেন। এসব হাঁসের সঙ্গে দৌড়াদৌড়ি করতে করতে এখন তিনি পুরোটাই সুস্থ বলে জানান মহির উদ্দিন। তিনি আরও বলেন, ‘হাঁস পালনে লাভ-লোকসান যাই হোক আমি ৬০ বছর পার করে সুস্থ আছি, ভালো আছি এটাই বড় কথা।’
ধানগড়া এলাকার রুহুল আমিন বলেন, হাঁস পালনে মহির উদ্দিন দৃষ্টান্ত তৈরি করেছেন।
রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন আমির হামজা বলেন, এলাকার অনেকেই হাঁসের খামার করে ভালো করেছেন। মহির উদ্দিনকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে।