স্বামীর লুকোচুরিতে নিজের শরীরে এইচআইভি ভাইরাস (এইডস) বাসা বেঁধেছিল। ওই ভাইরাস নিয়ে তিনি গত ৪ এপ্রিল জন্ম দেন ফুটফুটে একটি ছেলে সন্তান। সন্তানের মুখ দেখে আনন্দিত হলেও একইসঙ্গে দুশ্চিন্তা পেয়ে বসেছিল চট্টগ্রামের (ফটিকছড়ির) ওই গৃহবধূর। মায়ের শরীরের এইচআইভি ভাইরাস যেন সন্তানের মধ্যে না থাকে- প্রতি মুহূর্তে শুধু এই প্রার্থনাই করেছেন। অবশেষে ঈদের আগে ওই নারী খবর পান, তাঁর সন্তান ভাইরাসমুক্ত। শঙ্কা কেটে গিয়ে তাঁর মনে ভর করে ঈদের আনন্দ।
স্বামী এইডস রোগ গোপন করায় তা সংক্রামিত হয় ওই নারী এবং তাঁর এক সন্তানের ওপর। যদিও তিনি তা জানতে পারেন স্বামীর মৃত্যুর পর। গত ফেব্রুয়ারিতে তাঁর স্বামী মারা যান। তখন তিনি অন্তঃসত্ত্বা। গত ১৮ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রসবকালীন সেবা নিতে গিয়ে ওই নারী প্রথম জানতে পারেন তিনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত। তখন পরিবারের বাকি সদস্যদেরও রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় বেরিয়ে আসে, গৃহবধূর মেয়ে এবং স্বামীর প্রথম পক্ষের অপর এক মেয়েও এইচআইভি ভাইরাসে আক্রান্ত।
এইচআইভি ভাইরাস ধরা পড়ার পর থেকে ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের আওতায় চিকিৎসাধীন ছিলেন। এইচআইভি আক্রান্ত দুই মেয়ে আশার আলো সোসাইটিতে চিকিৎসা নিচ্ছে। এই প্রকল্পের তত্ত্বাবধানে গত ৪ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সন্তান প্রসব করেন। নবজাতক একই ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য ছয় থেকে আট সপ্তাহ সময় দরকার হয়।
শিশুটি জন্মের দেড় মাস পর গত ১৮ মে তার রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়। গত শনিবার রক্ত পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। তাতে দেখা যায় শিশুটি এইচআইভি ভাইরাসমুক্ত। জানতে চাইলে পিএমটিসিটি প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক মো. আলী হোসেন বলেন, ঈদের আগে একটি ভালো খবর পাওয়া গেছে। শিশুটিকে প্রতিষেধক এআরভি (এন্টি রেক্টেরা ভাইরাল) দেওয়া হচ্ছিল, এখন তা বন্ধ করা হয়েছে। এখন শিশুটি মায়ের দুধ পান করতে পারবে। এ নিয়ে পিএমটিসিটি প্রকল্পের অধীনে জন্ম নেওয়া সাত শিশু এইচআইভি মুক্ত রয়েছে।
সন্তানের সুস্থতার খবর পেয়ে ওই গৃহবধূ প্রথম আলোকে বলেন, ‘আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। ছেলেটি ভাইরাসমুক্ত রয়েছে। আমরা তো জানতাম না এমন একটি রোগ আমাদের মধ্যে রয়েছে।’
গত ফেব্রুয়ারিতে গৃহবধূর ৪৫ বছর বয়সী স্বামী মারা যান। তাঁর বিয়ে হয় ২০১১ সালের ৯ ডিসেম্বর। বিয়ের ৩৫ দিন আগে তাঁর স্বামীর প্রথম স্ত্রী মারা যান। ওই ঘরে দুই মেয়ে ও এক ছেলে। পরের ঘরে এই নবজাতকসহ দুই ছেলে ও এক মেয়ে। মোট ছয় সন্তানের মধ্যে চারজন এইচআইভি ভাইরাস মুক্ত। ওই ব্যক্তি ১৯৯৬ সালে প্রথম বিয়ে করেন। এর পরের বছর কাজের খোঁজে তিনি বিদেশে চলে যান। ২০০৮ সালে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
এ নিয়ে গত ২৭ মার্চ ‘লুকোচুরিতে বিপন্ন স্ত্রী, দুই মেয়ের জীবন’ শীর্ষক প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।