
শীতের সন্ধ্যা। বরিশাল ক্লাবের আঙিনায় উৎসবের আমেজ। কথা, গল্প, আনন্দ আড্ডায় মেতে ওঠেন অতিথিরা। প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার সুধী সমাবেশে এই মিলনমেলা। এতে বরিশালের নাগরিকেরা আশাবাদ ব্যক্ত করেন, শঙ্কা দূর করে এগিয়ে যাবে বাংলাদেশ। বরিশাল ক্লাবে সন্ধ্যা ছয়টা বাজার আগেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। মিলনমেলায় যোগ দেন সাংসদ, রাজনীতিক, সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক, চিকিৎসক, কবি, লেখক, সাহিত্যিক, আইনজীবী, ব্যবসায়ী, গণমাধ্যম-কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। চা-চক্রের সঙ্গে চলে শুভেচ্ছা বিনিময়। সন্ধ্যা সাতটার মধ্যে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমানের সূচনা বক্তব্যের পরই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত ‘আশা আছে’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মঞ্চে আসেন বরিশালের ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ফজলুল হক। তিনি বলেন, প্রথম আলো প্রতিদিন বাংলাদেশকে নতুন দিনের সম্ভাবনার দিকে নিয়ে যায়। প্রথম আলো আজ একটি সামাজিক আন্দোলনের নাম।
এরপর মঞ্চে আসেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘দেশে এখন সংঘাতময় রাজনীতি বিরাজ করছে। তবে বাংলাদেশ কখনো পরাজিত হয়নি, ভবিষ্যতেও হবে না। আমরা বিশ্বাস করি, শঙ্কা-ভয় দূর করতে পথ হারাবে না বাংলাদেশ।’ তিনি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত বিজ্ঞাপনচিত্র প্রদর্শিত হয়।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিলকিস জাহান, বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন, উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা মো. আবদুর রহিম, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন, সুশাসনের জন্য নাগরিক—সুজনের সভাপতি আক্কাস হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, নারীনেত্রী নূরজাহান বেগম, কবি মোশতাক আল মেহেদী, লেখক সাইফুল আহসান, আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, এস এম ইকবাল, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, কাজল ঘোষ, আজমল হোসেন, মুরাদ আহম্মেদ প্রমুখ।