শঙ্কা নিয়ে পরীক্ষা দিচ্ছে মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় মেয়েটির। শ্বশুরবাড়ির লোকজন কথা দিয়েছিলেন পড়ালেখা করতে দেবেন, কিন্তু তাঁরা কথা রাখেননি। সেবার এসএসসি পরীক্ষা দিতে পারেনি মেয়েটি। বাবার বাড়িতে ফিরে সে আবার লেখাপড়া শুরু করে।
এবার মেয়েটি এইচএসসি পরীক্ষা দিচ্ছে। কিন্তু ভয় আর শঙ্কা পিছু ছাড়েনি। স্বামী তাকে মুঠোফোনে ক্রমাগত হুমকি দিচ্ছেন।
২ এপ্রিল এইচএসসি পরীক্ষার প্রথম দিন ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার একটি পরীক্ষাকেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, মেয়েটির বাবা পায়চারি করছেন। কিছুক্ষণ পর তিনি কর্তব্যরত পুলিশের কাছে যান। সেখানে পুলিশের দায়িত্বরত কর্মকর্তাকে হাতের মুঠোফোনটিতে কিছু দেখাচ্ছেন।
ছাত্রীটির বাবা বলেন, তাঁদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। মেয়েকে বিয়ে দিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কামরুল হাসানের সঙ্গে। কামরুল হাসান কয়েক দিন ধরে তাঁর মেয়ের ক্ষতি করবেন বলে মুঠোফোনে হুমকি দিচ্ছেন। পরীক্ষার আগের দিনও মেয়ের মুঠোফোনে খুদে বার্তা পাঠান কামরুল। এ ধরনের হুমকি পেয়ে তাঁর মেয়ে শঙ্কিত হয়ে পড়ে। নিরাপত্তার জন্য নান্দাইল মডেল থানায় ১ এপ্রিল রাতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরও হুমকি-ধমকি অব্যাহত আছে। তাই তিনি মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। পরীক্ষা শেষ হলে নিয়ে যাবেন।
পরীক্ষা শেষ হওয়ার পর কথা হয় ওই ছাত্রীর সঙ্গে। সে বলে, ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি তার আগ্রহ। কিন্তু নবম শ্রেণিতে পড়ার সময় ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়। স্বামীর বাড়ির লোকজন তার পড়ালেখা বন্ধ করবে না বলে প্রতিশ্রুতি দেওয়ায় সে বিয়ে করতে রাজি হয়। কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পর যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন শুরু হয়। পড়ালেখাও বন্ধ হয়ে যায়। নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য বাবার বাড়ি থেকে টাকাও এনে দিয়েছে। স্বামীর নির্যাতন ও বাধার কারণে সে প্রথমবার এসএসসি পরীক্ষা দিতে পারেনি।
মেয়েটির বাবা বলেন, লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে শ্বশুরবাড়ি থেকে মেয়েকে তিনি নিয়ে আসেন। তাঁর মেয়ে পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়, পাসও করে। তিনি না বুঝে বাল্যবিবাহ দিয়ে মেয়ের জীবনটা প্রায় নষ্ট করে দিয়েছিলেন। কিন্তু এখন বুঝতে পারছেন। তাঁর মেয়ে স্বামীর ঘরে যেতে চায় না। এইচএসসি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। তিনি বলেন, ‘আমি সর্বস্ব দিয়ে হলেও মেয়েকে পড়াব। যাতে বিপর্যয় কাটিয়ে ও জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিতে পারে।’
জিডিতে উল্লেখ করা মুঠোফোন নম্বরে ফোন করা হলে কামরুল হাসান স্ত্রীর মুঠোফোনে হুমকি-সংবলিত খুদে বার্তা (এসএমএস) পাঠানোর কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘স্বামী হিসেবে বার্তা পাঠাতেই পারি। এ অপরাধে আমার কিছু হলে তা মাথা পেতে নেব।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, তাঁরা এ বিষয়ে তদন্ত করবেন।