শঙ্কা নিয়ে বাড়ি ফিরছেন মিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঁটির কোপে ডান কনুই থেকে হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কক্সবাজারের চকরিয়া উপজেলার মিনা আক্তারের। অভিযোগ, স্বামী আবদুর রশিদ তাঁকে কুপিয়েছেন। তিন মাসেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলেছে তাঁর। চিকিৎসকদের প্রচেষ্টায় হাতটা কোনো রকমে বেঁচে গেলেও সেটি আর কর্মক্ষমতা ফিরে পাবে কিনা সন্দেহ। এ ঘটনায় মামলা হলেও কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। এ অবস্থায় জীবনের শঙ্কা ও অনিশ্চয়তা নিয়ে আজ বুধবার ভাইয়ের সঙ্গে বাবার বাড়ি ফিরবেন মিনা আক্তার।
মিনার বাবার বাড়ি চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাহমুদনগরে। প্রায় ১৫ বছর আগে একই ইউনিয়নের কৃষ্ণকাটা এলাকার আবদুর রশিদের সঙ্গে বিয়ে হয় তাঁর।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ওয়ার্ড থেকে বাড়ি ফেরার ছাড়পত্র পান মিনা। ভাতিজি মর্জিনা আকতারকে নিয়ে হাসপাতালের বারান্দায় বসে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন তিনি। ভাই তাঁকে ফিরিয়ে নিতে চকরিয়া থেকে সকালে রওনা দিয়েছেন।
হাসপাতালের বারান্দায় গতকাল কথা হয় মিনার সঙ্গে। এ সময় তাঁর ব্যান্ডেজ করা ডান হাত গলার সঙ্গে বাঁধা ছিল। চেহারায় ছিল অনিশ্চয়তা ও ভয়ের ছাপ। জানালেন, জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাতটির স্মৃতি তাড়া করে ফেরে তাঁকে। মিনা বললেন, ‘এই দুনিয়ায় গরিবের জন্য কেউ নেই। স্বামী এখনো গ্রেপ্তার হয়নি। সুযোগ পেলে এবার মেরেই ফেলবে। ভবিষ্যতে কে খাওয়াবে? কার কাছে থাকব?’
মিনার ভাষ্য ও মামলার এজাহার অনুযায়ী, বিয়ের পর মিনা ও আবদুর রশিদ দম্পতির সন্তান হয়নি। এ নিয়ে মিনাকে নানা ধরনের নির্যাতন সইতে হচ্ছিল। মিনার স্বামী কৃষিকাজ করেন। ঘটনার বেশ কিছুদিন আগে থেকেই দ্বিতীয় বিয়ে ও যৌতুকের দাবিতে মিনার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। গত বছরের ১০ অক্টোবর বিকেলে এই নিয়ে সালিসও হয় মিনার স্বামীর বাড়িতে। সালিসকারীরা স্বামী-স্ত্রীকে মিলেমিশে থাকার পরামর্শ দেন।
মিনা প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই স্বামী আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছিল। সালিসেও এই কথা জানাই। স্বামী ও ভাশুর-দেবরেরা এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই রাতে স্বামী-ভাশুর ও দেবরকে আলাপ করতে শুনি, আমাকে খুন করে গুম করে ফেলবে। তারপর প্রচার করবে আমি কারও সঙ্গে পালিয়ে গেছি। ভয় নিয়েই রাতে ঘুমাতে যাই। রাত আড়াইটার দিকে হঠাৎ জেগে দেখি গলার কাছে ছুরি। হাত দিয়ে বাধা দিই। স্বামী, তাঁর দুই ভাই ও ভাইয়ের ছেলেরা তখন চেপে ধরে। স্বামী বঁটি দিয়ে কনুইয়ে কোপ দেয়।’
মিনা বলেন, ঘটনার পর তাঁর আর্তচিৎকারে পাড়া-প্রতিবেশীরাও জেগে ওঠেন। রাতেই তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরদিন সকালে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির সময় তাঁর জ্ঞান ছিল না। দেবর আবদুল হালিম দুর্ঘটনার কথা বলে হাসপাতালে ভর্তি করিয়ে পালিয়ে যান।
হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইউনিট, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ও অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসা চলেছে মিনার। দুই দফায় অস্ত্রোপচার হয়েছে। মিনার চিকিৎসার জন্য ধারদেনা করে খরচ জুগিয়েছেন হতদরিদ্র বড় ভাই আবদুল মুনাফ। কয়েকজন চিকিৎসকও ব্যক্তিগত উদ্যোগে মিনার জন্য অর্থ জুগিয়েছেন। মিনার সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার অভিজিৎ চৌধুরী প্রথম আলোকে বলেন, মিনার হাতটি প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। হাতটি বাঁচানো যাবে কি না, এ নিয়ে শুরুতে সন্দেহ ছিল। তারপরও চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে হাতের কর্মক্ষমতা ফিরবে কিনা বলা মুশকিল।
এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির মাধ্যমে স্বামী-ভাশুরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন মিনা আক্তার। ঘটনার প্রায় দুই মাস পরে মামলা হয়। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মিনা আক্তারের বড় ভাই আবদুল মুনাফ বলেন, ‘আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরছে না। গরিব বলে কী বিচার পাওয়ার অধিকার নাই আমাদের?’
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আসামিরা পলাতক থাকায় ধরা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে জেনেছি, স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’