শঙ্কা সংশয় আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটারের কথা
ভোটারের কথা

পৌরসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, মাঠপর্যায়ে শঙ্কা ও সংশয় ততই বাড়ছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে কি না, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যাবে কি না—সেই প্রশ্ন ঘুরছে ভোটারদের মুখে মুখে। আবার অনেকে মনে করেন, সমালোচনা এড়াতে সরকার সুষ্ঠু নির্বাচনই করবে।
প্রথম আলোর প্রতিনিধিরা দেশের বিভিন্ন এলাকা থেকে পৌর নির্বাচন ঘিরে মানুষের চিন্তাভাবনাগুলো তুলে আনার চেষ্টা করেছেন। এগুলো পর্যালোচনা করে দেখা যায়, ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রবল সন্দেহ-সংশয় রয়েছে। তাঁদের অনেকেই সহিংসতা ও ভোট না দিতে পারার আশঙ্কা করছেন।
ভোটারদের এই অংশটি উদাহরণ টানছেন ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয়, এরপর উপজেলা ও সর্বশেষ তিন সিটি করপোরেশন নির্বাচনের। ওই সব নির্বাচনের প্রভাব ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে পড়তে পারে বলে তাঁদের আশঙ্কা।
তবে এই ভাবনার বিপরীতে ভোটারদের অনেকেই মনে করেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচন সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হবে। কারণ, সরকার এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন বিতর্কের মুখে পড়তে চাইবে না। যুক্তি হিসেবে তাঁদের মত হচ্ছে, ৩০ ডিসেম্বরের কয়েক দিন পরই জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি। পৌর নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচন নিয়ে বিরোধীদের সমালোচনা অনেকটাই ম্লান হয়ে যাবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সংসদ নির্বাচনে ভোট দিতে না পারায় মানুষের যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে স্থানীয় জনপ্রতিনিধিকে ভোট দিতে না পারলে। কারণ হিসেবে তিনি বলেন, ভোটাররা স্থানীয় জনপ্রতিনিধির সংস্পর্শে থাকেন বেশির ভাগ সময়, তাঁদের সুখে-দুঃখে তাঁকেই প্রয়োজন হয়।
আগে দিতে পারিনি, এবার পারব: সাতক্ষীরার কলারোয়া পৌরসভার বাসিন্দা আবদুস সাত্তার, আবদুর গফুর ও কৃষক আবুল হোসেন প্রশ্ন করলেন, গত উপজেলা নির্বাচনে ভোট দিতে পারেননি, এবার কি পারবেন? নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের করিমপুর রোডের ব্যবসায়ী জাকির হোসেনের মতে, নির্বাচন সুষ্ঠু হলে দেশে ভোট উৎসব হবে, নইলে সমালোচনার জোয়ার বইবে।
অবশ্য প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত মাঠের পরিস্থিতি ভালো। আমরা পরিবেশ পর্যবেক্ষণ করছি, আমাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে। আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ নেই।’ তবে বরগুনা সদরের টাউন হল এলাকার ব্যবসায়ী আবদুর রহিম বলেন, যে উত্তাপ ও আলামত দেখা যাচ্ছে, তাতে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাথরঘাটা পৌরসভার ক্ষুদ্র ব্যবসায়ী আবু জাফর বলেন, পরিবেশ ভালো থাকলে ভোট দিতে যাবেন, ঝামেলা হলেও ভোটকেন্দ্রের দিকে ফিরেও তাকাবেন না।
প্রার্থীর চেয়ে প্রতীক বেশি ভোট পাবে: এবারের নির্বাচনে ব্যক্তির চেয়ে দলের জয়কে গুরুত্ব দিচ্ছেন ভোটারদের অনেকেই। তাঁদের মতে, প্রার্থীর চেয়ে প্রতীক বেশি ভোট পাবে। ভোলার দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলফিকার চৌকিদার প্রথম আলোকে বলেন, ‘আমি ভোট দিতে যাব, কারণ আমি একটি দলকে সমর্থন করি। আমি দেখতে চাই এলাকায় আমার দল কতটা জনপ্রিয়।’ এই উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদুর রহমান বলেন, ‘ভোট দিতে চাই বটে, কিন্তু ভোটকেন্দ্রে যাব কি না, তা নির্ভর করবে পরিবেশ ও পরিস্থিতির ওপর।’
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ভোটার বজলুল রহমান জানালেন, দলীয় নির্বাচন হওয়ায় মানুষের মধ্যে ব্যক্তি ইমেজের চেয়ে প্রতীকের প্রতি আকর্ষণ বেশি কাজ করবে।
সৎ প্রার্থী খুঁজছেন অনেকেই: দলীয় নির্বাচন হওয়ায় ভোটারদের অনেকে সৎ প্রার্থী খুঁজে পাচ্ছেন না। দলের মনোনয়নে অনেক সময় প্রভাব প্রাধান্য পাওয়ায় সৎ ও যোগ্য প্রার্থী খুঁজতে বেগ পাচ্ছেন তাঁরা। মৌলভীবাজার শহরের সাংস্কৃতিক কর্মী রমাপদ ভট্টাচার্য বলেন, ‘ভোট নিয়ে আগ্রহ কম। কারণ আমার চিন্তাভাবনার সঙ্গে মিল থাকা প্রার্থী খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে।’
শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা জহরলাল দত্ত বললেন, ‘আমাদের রাষ্ট্রীয় কাঠামোটাই এমন যে ভালো মানুষের সংখ্যা কম, আবার ভালো কেউ নির্বাচিত হলেও দায়িত্ব নেওয়ার পর মন্দের খাতায় নাম লেখান।’
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে প্রথম ভোট দেবেন কলেজছাত্র স্বাধীন শেখ। তিনি বলেন, ‘জীবনের প্রথম ভোট এমন ব্যক্তিকে দিতে চাই, যিনি যোগ্য ও সৎ এবং সন্ত্রাসীকে আশ্রয় দেন না।’
ভোটারদের বিক্ষিপ্ত ভাবনা: সরকারি দলের প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে, এমন চিন্তা কারও কারও মধ্যে। তবে দলীয় নির্বাচন হওয়ায় উন্নয়নের চেয়ে নিজ দলের প্রার্থীকে ভোট দেওয়ার তাগিদ রয়েছে অনেকের মধ্যে।
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ভোটার মো. মর্তুজা আলী মিয়ার মতে, যে দলের প্রার্থী নির্বাচিত হোক, সরকারের উচিত নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে পৌরসভা পরিচালনা করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এ কে এম নুরুল ইসলামের মতে, নির্বাচিত হওয়ার পর মেয়র বা কাউন্সিলর কোন দলের সেই বিবেচনা থাকা উচিত নয়।
আক্কেলপুরের শিক্ষক সুশান্ত কুমার ঘোষ মনে করেন, ক্ষমতাসীন দলের অধীনে স্থানীয় সরকারের নির্বাচন সুষ্ঠু না হলে মানুষ তত্ত্বাবধায়ক সরকারের কথা আবার তুলবে।