শঙ্কামুক্ত জীবন, নিরাপদে ক্লাস ও পরীক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্কামুক্ত জীবন, নিরাপদে ক্লাস ও পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল শনিবার বিভিন্ন জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মানববন্ধন হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: ‘রাজনগর ডিগ্রি কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার’ দুপুরে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করে। এতে ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি শেষে বক্তব্য দেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খান, রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দীন প্রমুখ।
চাঁদপুর: কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সকালে মানববন্ধন হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন অধ্যক্ষ শাহ্ মো. জালাল উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এ ব্যাপারে তাঁরা সরকারের কাছে সুন্দর সমাধানের দাবি জানান।
শেরপুর: দুপুরে শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র করসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ খাদিজা আক্তার, পরিচালনা পরিষদের সদস্য মোখলেছুর প্রমুখ।
সখীপুর (টাঙ্গাইল): বেলা ১১টার দিকে সখীপুর আবাসিক মহিলা কলেজ, মুজিব ডিগ্রি কলেজ ও হাতিয়া কলেজ চত্বরে পৃথক মানববন্ধন হয়েছে। সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান জানান, শঙ্কামুক্ত জীবন এবং নিরাপদে ক্লাস ও পরীক্ষা নেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথ ডিগ্রি কলেজের সামনে সকালে বিশ্বনাথ-রশিদপুর সড়কে মানববন্ধন হয়। এতে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সিরাজুল হক। কলেজের শিক্ষক আবদুস সহিদের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক এনামুল হক, মানিক মিয়া, রুষীত কান্তি দাস, রোকেয়া বেগম, বনানী চক্রবর্তী, অনবীর রায়, গোলাম মোস্তফা প্রমুখ।
ধরমপাশা (সুনামগঞ্জ): ধরমপাশা ডিগ্রি কলেজের সামনের সড়কে বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে কলেজের শিক্ষক, কর্মচারীসহ তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে কলেজের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল ডিগ্রি কলেজ চত্বরে বেলা ১১টার দিকে মানববন্ধন পালন করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। এতে সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।