শঙ্কামুক্ত নন এনামুল, সিএমএইচে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসীদের গুলিতে আহত ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের পাশে তাঁর স্ত্রী। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ
সন্ত্রাসীদের গুলিতে আহত ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের পাশে তাঁর স্ত্রী। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ

ছাত্রলীগের সাবেক সভাপতি গুলিবিদ্ধ এনামুল হক শামীমের শরীরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিত্সকরা। এখন তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এনামুলের ভাই আশরাফুল হক সিয়াম প্রথম আলোকে বলেছেন, তাঁর ভাইয়ের চিকিত্সায় ঢাকা মেডিকেলের চিকিত্সকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিত্সার জন্য তাঁকে (এনামুল) সিএমএইচে স্থানান্তরের পরামর্শ দেয়। এর পরই এনামুলকে সিএমএইচে আনা হয়েছে। চিকিত্সকেরা তাঁকে আইসিইউতে রেখেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে এনামুলকে লক্ষ্য করে তাঁর প্রাইভেট কারে গুলি করে দুর্বৃত্তরা। এতে তাঁর হাতে দুটি গুলি লাগে।

এ ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা একটা ২০ মিনিট থেকে ঘণ্টা খানেক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এনামুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

এনামুলের ওপর হামলার ঘটনায় বিএনপি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ঘটনার প্রতিবাদে কাল শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। তবে এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

সন্ত্রাসীদের গুলিতে আহত এনামুল হক শামীমের পাশে চিকিত্সক ও নেতা-কর্মীরা। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ
সন্ত্রাসীদের গুলিতে আহত এনামুল হক শামীমের পাশে চিকিত্সক ও নেতা-কর্মীরা। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: ইউসুফ সা’দ


গুলিবিদ্ধ এনামুল

পারিবারিক সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, সকাল সাড়ে নয়টার দিকে এনামুল তাঁর ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি থেকে অফিসে যাচ্ছিলেন। কিছু দূর যেতেই মোটরসাইকেল থেকে তিনজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি তাঁর বাঁ হাতে লাগে। এরপর তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাসস জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুলের অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকা প্রথম আলোর প্রতিবেদকেরা জানান, বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এনামুলকে আনা হয়। এর পরপরই সেখানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হন। তাঁরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন ও বিভিন্ন স্লোগান দেন। এনামুল বেলা দেড়টা পর্যন্ত হাসপাতালের তৃতীয় তলায় ভিভিআইপি কেবিনে অবস্থান করছিলেন। সে সময় কেবিনের সামনে শতাধিক নেতা-কর্মী হাজির হন। 
এনামুলকে কেউ হুমকি দিচ্ছিলেন কি না, তিনি কাউকে সন্দেহ করছেন কি না, এমন কোনো প্রশ্নের জবাব দেননি এনামুলের স্বজনেরা। এর আগে এনামুলকে যখন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তখনও এনামুলের স্বজনেরা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
এনামুলকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, পুলিশ তত্পর রয়েছে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ ফজলে নূর তাপস, পুলিশ কমিশনার বেনজীর আহমেদসহ ছাত্রলীগের বিপুলসংখ্যক বর্তমান ও সাবেক নেতা উপস্থিত ছিলেন।


শঙ্কামুক্ত নন এনামুল

এনামুলের শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল। তিনি বলেন, এনামুলের বাঁ হাতে কবজির কাছে একটি ও হাতের ওপরের দিকে পেশিতে একটি গুলি লেগেছে। অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন।


প্রতিবাদে কর্মসূচি

এনামুলকে গুলি করার ঘটনায় আগামীকাল বিকাল চারটায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আজ দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কর্মসূচির ঘোষণা দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী।
সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের জানা মতে এনামুল হক শামীমের ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো শত্রু নেই। বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন সময় চোরাগোপ্তা হামলা চালানোর হুমকি দিয়েছেন। এনামুলের ওপর বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে হামলা হলো কি না, পুলিশকে বিষয়টি মাথায় রাখতে হবে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারেন।’
মাহবুব উল আলম হানিফ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া ঈদের পর খালেদা জিয়ার কঠোর আন্দোলন প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, দাঁত ও নখবিহীন বুড়ো বাঘিনীর হুংকারে কেউ সাড়া দেবে না। তাঁর হুমকি আমলে নেওয়ার প্রয়োজন নেই।