শঙ্কামুক্ত শিক্ষার পরিবেশের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

সহিংসতা বন্ধ ও শঙ্কামুক্ত শিক্ষার পরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রামের সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার প্রথম আলোকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মানববন্ধন হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, নিরাপদে ক্লাস করা ও পরীক্ষা দেওয়া, সব ধরনের সহিংসতা বন্ধ করার দাবিতে মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী জাগের হোসেন বলেন, ‘আমরা শঙ্কামুক্ত পরিবেশে ক্লাস করতে চাই। নির্বিঘ্নে পরীক্ষা দিতে চাই।’
মানববন্ধনে ব্যানারে লেখা ছিল শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ করো।