শঙ্কার বাংলাদেশ : সন্ত্রাসবাদের বড় ধরনের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদের বড় ধরনের ঝুঁকিতে আছে বাংলাদেশ। ভবিষ্যতে যে ১৩টি দেশে সন্ত্রাস বাড়তে পারে, বাংলাদেশ তার অন্যতম। ২০১৪ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে (জিটিআই) এ কথা বলা হয়েছে।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমকিস অ্যান্ড পিস (আইইপি) গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৩তম।
তালিকা অনুসারে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী ইরাক। এরপর রয়েছে আফগানিস্তান (দ্বিতীয়), পাকিস্তান (তৃতীয়), নাইজেরিয়া (চতুর্থ), সিরিয়া (পঞ্চম), ভারত (ষষ্ঠ), সোমালিয়া (সপ্তম), ইয়েমেন (অষ্টম), ফিলিপাইন (নবম) ও থাইল্যান্ড (দশম)।
এটি আইইপির দ্বিতীয় প্রতিবেদন। এর আগে ২০১২ সালে প্রথমবার বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক প্রকাশ করে আইইপি। সেবারের প্রতিবেদনে ১৫৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩৯তম।
আইইপি এবার তাদের প্রতিবেদনে বিশ্বের ১৩টি দেশকে সন্ত্রাসবাদের বড় ধরনের ঝুঁকির তালিকায় রেখেছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে নেই এমন ১৩ দেশও রাজনৈতিক সহিংসতা ও দলগত বিদ্বেষের কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির ঝুঁকিতে আছে। দেশগুলো হলো অ্যাঙ্গোলা, বাংলাদেশ, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, ইসরায়েল, মালি, মেক্সিকো, মিয়ানমার, শ্রীলঙ্কা ও উগান্ডা।
বাংলাদেশকে এই তালিকায় রাখার কারণ হিসেবে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বলছে, বিচারবহির্ভূত হত্যা, নারীর রাজনৈতিক অধিকারের অভাব, দলগুলোর মধ্যে ঐক্যের অভাব ও রাজনৈতিক অস্থিতিশীলতা এ জন্য দায়ী। এ কারণেই ১৩ দেশের ঝুঁকির তালিকায় বাংলাদেশকে রেখেছে সংস্থাটি।
বাংলাদেশকে এই তালিকায় রাখার কারণ কী হতে পারে? জানতে চাইলে চাইলে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক এলাহী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জঙ্গিবাদ নয়, বাংলাদেশ এই তালিকায় থাকার প্রধান কারণ সন্ত্রাস ও সহিংসতা। ২০১৩ সালের অবস্থার ওপর ভিত্তি করে এই প্রতিবেদন করা হয়েছে। আর ২০১৩ সালে বাংলাদেশে কী হয়েছে সেটি আমরা জানি। যখন-তখন বাসে-ট্রেনে আগুন, সাধারণ মানুষ হত্যা, পুড়িয়ে মারা অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে। তবে ২০১৪ সালের অবস্থার ওপর ভিত্তি করে যখন আগামীবার প্রতিবেদন করা হবে, তখন অবস্থার উন্নতি হবে বলে আমি মনে করি। আর বিচারবহির্ভূত হত্যা অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে। সর্বোপরি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। তবেই অবস্থার উন্নতি হবে।’
বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ গতকাল বিবিসি বাংলাকে বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে কয়েক বছরে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হয়েছে। কয়েকটি জঙ্গি সংগঠন যেগুলোকে মোটামুটি আমলে নেওয়ার মতো, সেগুলোর বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি এবং পাঁচটি সংগঠনকে এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের সন্ত্রাসবাদবিরোধী কৌশল সার্বিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সর্বসময়ের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং এতে আমরা কোনো সমস্যা দেখি না।’
বিবিসি বাংলা সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, গত বছর রাজনৈতিক সহিংস ঘটনা বেশি ঘটেছে। সে ঘটনাগুলোকেই এখানে (আইইপির প্রতিবেদন) সন্ত্রাসী তৎপরতা হিসেবে দেখানো হয়েছে।
আইইপির এবারের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদে বিশ্বে প্রাণহানির সংখ্যা ৬১ শতাংশ বেড়ে গেছে। ২০১৩ সালে প্রায় ১০ হাজার সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার এই সংখ্যা আগের বছরের চেয়ে ৪৪ শতাংশ বেশি। এসব সন্ত্রাসী হামলায় প্রায় ১৮ হাজার মানুষ মারা গেছে।
বিশ্বের ৬০টি দেশজুড়ে এসব সহিংসতা হলেও ১৪ হাজার ৭২২ জনই মারা গেছে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও নাইজেরিয়ায়। এর মধ্যে ছয় হাজার ৩৬২ জন মারা গেছে ইরাকে। সন্ত্রাসবাদে এই প্রাণহানির ৬৬ শতাংশের জন্যই ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, বোকো হারাম ও তালেবানকে দায়ী করা হয়েছে।
২০১৩ সালের শীর্ষ ৫০টি সন্ত্রাসী হামলার মধ্যে সবচেয়ে ভযাবহ বলে উল্লেখ করা হয়েছে ১৭ সেপ্টেম্বরের নাইজেরিয়ার বেনিসেক শহরের সন্ত্রাসী হামলাকে। বোকো হারাম ওই ঘটনা ঘটিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ বছরে বিশ্বে ৪৮ হাজার সন্ত্রাসী হামলা হয়েছে। এতে এক লাখ সাত হাজার মানুষ মারা গেছে।
ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের নির্বাহী চেয়ারম্যান স্টিভ কিল্লেলিয়া বলেছেন, গত বছর প্রাণহানি বেড়ে যাওয়ার অন্যতম কারণ ছিল সিরিয়ার অস্থিতিশীলতা, যার শুরুটা হয় ২০১১ সালে।