শঙ্কার মধ্যেই পার্বত্য চট্টগ্রামে আদিবাসী দিবসের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি পৃষ্ঠপোষকতা না দেওয়াসহ সরকারি বিভিন্ন নির্দেশনার পর আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন নিয়ে সাধারণ আদিবাসীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। তবে তিন পার্বত্য জেলা প্রশাসনের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই বলে জানা গেছে। ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘোষণা করা হয়। পরবর্তী বছর থেকে আদিবাসীরা প্রতিবছর দিবসটি উৎসবের আমেজে পালন করে আসছে।আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১২ উদ্যাপন কমিটির পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সদস্যসচিব বোধিসত্ব চাকমা বলেন, আদিবাসী দিবস পালনের কর্মসূচির বিষয়ে প্রশাসনকে অবহিতকরণপত্র দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সে বিষয়ে কোনো কিছু বলা হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে গত বছরের ১১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদিবাসী দিবস পালন বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে (এলজিআরডি) একটি চিঠি লেখা হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এ বছরের মার্চ মাসে এলজিআরডি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে চিঠি লেখা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলা প্রশাসনে বিষয়টি অবহিত করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদিবাসী দিবসে সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যেন সরকারের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য প্রদান না করেন, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, আদিবাসী দিবসে সরকারের পক্ষ থেকে যেন কোনো পৃষ্ঠপোষকতা করা না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখা, বাংলাদেশে কোনো আদিবাসী নেই—এই মর্মে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে প্রচারের ব্যবস্থা করা এবং আগস্ট মাস জাতীয় শোকের মাস, এ মাসে আদিবাসী দিবসের নামে অপ্রয়োজনীয় আনন্দ অনুষ্ঠান পরিহার বাঞ্ছনীয় বলে মন্তব্য করা হয়। আদিবাসীদের মতে, ৯ আগস্ট আদিবাসীদের শুধু উৎসবের দিন নয়, তার চেয়েও বেশি। এ দিনটি বিশ্বজুড়ে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার চলমান সংগ্রামের বিষয়টি সামনে নিয়ে আসার দিন। আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১২ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, যেভাবে প্রতিবছর এই দিবসটি পালন করা হয় এ বছরও সেভাবে পালন করা হবে। মূলত আদিবাসী অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে এ দিবসটি পালন করা হয়। এখানে অপ্রয়োজনীয় আনন্দ অনুষ্ঠানের কোনো প্রশ্ন আসে না। তিনি আরও বলেন, সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মূলত সরকারি কর্মকর্তা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য।বান্দরবানের জেলা প্রশাসক মো. তারিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক দিবস হিসেবে যে কেউ তা পালন করতে পারে। এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন প্রতিবছর দিনটি উৎসবের আমেজে পালন করে। এ বিষয়ে তাদের কোনো নির্দেশনা নেই। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পালন করা বা বাধা দেওয়ার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নেই।