শঙ্কার মাঝেও ভালো করেছে যশোর বোর্ড

ভুলে ভরা প্রশ্নপত্রের কারণে ফল বিপর্যয়ের আশঙ্কা থাকলেও মাধ্যমিক পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। এবার বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী।
গতকাল বুধবার দুপুরে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা প্রেসক্লাবে ফল প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৪৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৮ হাজার ৬৪ জন অংশ নেয়। এর মধ্যে সব বিষয়ে উত্তীর্ণ হয় ১ লাখ ৩৫ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী। গত বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৪ দশমিক ৫১ শতাংশ এবং জিপিএ-৫-এর সংখ্যা ছিল ৭ হাজার ১৯৮।
এবার মাধ্যমিক পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে সাধারণ গণিতের বহুনির্বাচনী অভীক্ষা প্রশ্নপত্রের ৪০টি প্রশ্নের মধ্যে ১১টিতে ভুল ধরা পড়ে। ইংরেজি বিষয়েও কয়েকটি প্রশ্নপত্রে ভুল ছিল। এমন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় বোর্ডে ফল বিপর্যয়ের শঙ্কা দেখা দেয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন না হলেও ভুলে ভরা ছিল। এ কারণে ফল বিপর্যয়ের আশঙ্কা ছিল। আন্ত শিক্ষা বোর্ডের পরীক্ষা বিভাগের সঙ্গে সমন্বয় করে বিপর্যয় কাটিয়ে ফল ভালো করা সম্ভব হয়েছে।
এবার যশোর বোর্ডে পাসের হারে মেয়েরা ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছেলেরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় ৫ হাজার ৮৫ জন ছেলে ও ৪ হাজার ৩৬৯ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। মেয়েদের পাসের হার ৯২ দশমিক ৩২ এবং ছেলেদের ৯১ দশমিক ৪০ শতাংশ।
যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, সামাজিক প্রেক্ষাপটের কারণে ছেলেদের তুলনায় মেয়েদের ঝরে পড়ার হার বেশি। তা ছাড়া গ্রামাঞ্চলের অভিভাবকেরা ছেলেদের তুলনায় মেয়েদের লেখাপড়ায় একটু কম যত্নবান। এ কারণে মেয়েদের পাসের হার বাড়লেও মেধার বিকাশ ঘটছে কম। ফলে চূড়ান্ত পর্যায়ে সর্বোচ্চ ফলাফলে তারা পিছিয়ে পড়ছে, জিপিএ-৫ কম পাচ্ছে।
বোর্ডের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার কেউ পাস করতে পারেনি। প্রতিষ্ঠান তিনটি হলো সাতক্ষীরার উদয়ন সেকেন্ডারি স্কুল, বাগেরহাটের নেহালখালিয়া গার্লস হাইস্কুল ও সাবেরা ফেরদৌসী গার্লস হাইস্কুল। এর মধ্যে নেহালখালিয়া থেকে দুজন এবং বাকি দুটি স্কুল থেকে একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ওই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিষ্ঠানগুলো থেকে কেন কেউ পাস করতে পারল না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এবারের ফলাফলে বোর্ড সেরা ২০ বা জেলার সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়নি। তবে শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার একটি তুলনামূলক ফলাফলের তালিকা প্রকাশ করা হয়েছে। এর শীর্ষে রয়েছে খুলনা আর সবার নিচে রয়েছে মাগুরা জেলা। যশোর জেলার অবস্থান সাত নম্বরে।