ভারত ও বাংলাদেশের ছিটমহল বিনিময়ের আগে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কয়েকটি ছিটমহলে বসবাসকারী মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু গতকাল সোমবার এক প্রতিবেদনে জানায়, সমাজবিরোধীদের তৎপরতা বেড়ে যাওয়ায় ছিটমহলবাসীর মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
৬ জুন ভারত ও বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তর করে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দুই দেশের ছিটমহলগুলো বিনিময়ের পক্রিয়া শেষ হবে।
দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে ছিটমহলে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মীদের উদ্ধৃত করে বলা হয়, পুলিশ ও প্রশাসনের কোনো উপস্থিতি না থাকায় সমাজবিরোধী গোষ্ঠীগুলো ভয়ভীতি দেখাতে শুরু করেছে এসব এলাকায়।
ছিটমহলগুলোতে চলমান বিশৃঙ্খলা সম্পর্কে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী দীপ্তিমান সেনগুপ্ত বলেন, বেশ কিছু বহিরাগত ছিটমহলে নতুন করে বসতি নির্মাণের চেষ্টা করছে। স্থায়ী বাসিন্দা হওয়ার চেষ্টায় এ কাজ করছে তারা। ছিটমহলবাসীর জন্য সরকারের দেওয়া সাহায্য পেতেই এসব তৎপরতা চালানো হচ্ছে।
সমন্বয় কমিটির সূত্রে জানা যায়, ৭ জুন জেলার দিনহাটা মহকুমার মধ্য মাশালডাঙা ছিটমহলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর কমিটি ২৪টি ছিটমহলের একটি তালিকা তৈরি করে জলপাইগুড়ি পুলিশের ডিআইজির দপ্তরে জমা দেয়। এর মধ্যে চারটি ছিটমহলকে অতিউচ্চ সংবেদনশীল, ১৪টিকে উচ্চ সংবেদনশীল এবং দুটিকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে।