‘শঙ্কায় ছিলাম, এখন নিরাপদ ভাবছি’
৩৯তম বিসিএসে চাকরি হয় চিকিৎসক সাদমান সাকিবের। এপ্রিলে শরীয়তপুর সদর হাসপাতালে যোগদান করে দায়িত্ব পান করোনা ইউনিটে। আক্রান্তদের সেবা দিতে গিয়ে নিজেই করোনায় সংক্রমিত হন। সেই চিকিৎসক সাদমান সাকিব আজ রোববার শরীয়তপুরে প্রথম করোনার টিকা গ্রহণ করেছেন।
সাদমান প্রথম আলোকে বলেন, ‘মৃত্যুঝুঁকি, করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছি। নিজে আক্রান্ত হয়েও দায়িত্ব থেকে সরে যাইনি। এত দ্রুত টিকা পাব ভাবতেও পারিনি। টিকা দিয়ে মনে হচ্ছে অনেক বড় একটি বিজয় অর্জন করতে পেরেছি।’
শরীয়তপুর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মো. জাহাঙ্গীর হোসেন গত ১১ মাসে অন্তত দুই শতাধিক করোনা রোগীকে বহন করেছেন। নিয়ে গেছেন বিভিন্ন হাসপাতালে। তিনি রোববার করোনার টিকা গ্রহণ করেছেন।
মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘১১ মাস একটি আতঙ্ক আর শঙ্কা নিয়ে দায়িত্ব পালন করেছি। পরিবার নিয়েও শঙ্কায় ছিলাম। আজ টিকা পেয়ে নিজেকে নিরাপদ ভাবছি, আনন্দ লাগছে।’
করোনা ইউনিটের চিকিৎসক সিরাজুম মুনিরা বলেন, ‘টিকা পেয়ে অনেক আনন্দ লাগছে। আজ মনে হচ্ছে করোনা সংক্রমণের হাত থেকে নিরাপদ হলাম।’
শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের মো. আনোয়ার হোসেন গাজী (৬৫) ও তাঁর স্ত্রী আজীবন বেগম (৫৫) সকাল পৌনে ১০টার সময় করোনার টিকা নিয়েছেন। তাঁরা সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, টিকা নিতে ও নেওয়ার পর কোনো ধরনের অস্বস্তি লাগেনি। টিকা দিতে পেরে তাঁদের আনন্দ ও নিরাপদ লাগছে।
রোববার সকাল সাড়ে ৯টার সময় টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয় শরীয়তপুর সদর হাসপাতাল চত্বরে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামান, সিভিল সার্জন আবদুল্লাহ আল মুরাদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনীর আহমেদ খান, পৌর মেয়র রফিকুল ইসলাম, নবনির্বাচিত মেয়র পারভেজ রহমান, সদরের ইউএনও মনদীপ ঘরাই প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনার টিকা দেওয়ার জন্য ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও পুলিশ হাসপাতালে টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একাধিক বুথ রয়েছে। প্রতিটি বুথে দুজন টিকা প্রয়োগকারী ও চারজন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন।
টিকা গ্রহণ করার পর ১ ঘণ্টা বিশ্রামের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে স্বস্তি নামে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। করোনা টিকার নিবন্ধনে সহায়তা করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বুথ স্থাপন করা হয়েছে।
শরীয়তপুরে ৩৬ হাজার টিকা দেওয়ার কার্যক্রম চলছে। অগ্রাধিকার পাওয়া ব্যক্তিদের পাশাপাশি ৫৫ বছরের বেশি বয়সের মানুষকে টিকা দেওয়া হবে। তাঁদের নিবন্ধন কার্যক্রমও চলছে। জেলা শহরের সদর হাসপাতালে ৬ হাজার ৫৪৮, নড়িয়ায় ৭ হাজার ২১৫, জাজিরায় ৬ হাজার ৪৩, ভেদরগঞ্জে ৭ হাজার ৮৮৭, ডামুড্যায় ৩ হাজার ৩৯৫ ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ হাজার ৯১১ ডোজ টিকা পাঠানো হয়েছে। ওই টিকাগুলো ইপিআইর আইএলআরে (ফ্রিজ) সংরক্ষণ করা হয়েছে। টিকার সঙ্গে সিরিঞ্জ ও আনুষঙ্গিক জিনিসপত্রও সরবরাহ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শরীয়তপুরে এ পর্যন্ত ১ হাজার ৮৯৮ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ১ হাজার ৮৪৩ জন সুস্থ হয়েছেন। আর ২৩ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে জেলায় ৩২ জন আক্রান্ত রোগী রয়েছেন। জেলায় এ পর্যন্ত ৯ হাজার ৪৩৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, গতকাল পর্যন্ত শরীয়তপুরে সাড়ে তিন হাজার নিবন্ধন করা হয়েছে। তাঁদের টিকা দেওয়ার কার্যক্রম চলছে। এ পর্যায়ে ১৮ হাজার ব্যক্তিকে দুই ডোজ করে টিকা দেওয়া হবে।