শঙ্কায় দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা
ঢাকায় ট্যানারির মালিকদের কাছে এখনো ১২ কোটি টাকা বাকি রয়ে গেছে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীদের। ব্যাংকঋণও মেটাতে পারেননি অনেক ব্যবসায়ী। এ অবস্থায় দিনাজপুরে কোরবানির চামড়ার বাজারে এবার বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে গতকাল বুধবার দেখা যায়, দিনাজপুর শহরের রামনগর মোড়, লালবাগ ও পাটুয়াপাড়া এলাকাজুড়ে গড়ে উঠেছে চামড়া ব্যবসার বিশাল বাজার। গ্রামগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীরা ছাড়াও শহরের বড় বড় বাজার থেকে গরু, মহিষ, ছাগল বা ভেড়ার চামড়া কিনে এসব আড়তে ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে দেখা গেছে। আর শ্রমিকেরা চামড়া থেকে মাংস ছড়িয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করে লবণ মাখিয়ে রাখছেন। সেই সঙ্গে প্রস্তুতি নেওয়া হচ্ছে কোরবানির পশুর চামড়া সংরক্ষণেরও।
রামনগর চামড়ার বাজারের চামড়া ব্যবসায়ী আবেদ আলীর আড়তের শ্রমিক মো. রাশেদ বলেন, তাঁর মতো শতাধিক শ্রমিক আড়তগুলোতে কাজ করেন। চামড়া থেকে মাংস, ঝিল, চর্বি ছড়িয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে প্রস্তুত করতে শ্রমিকেরা একটি মহিষের চামড়ার জন্য ২৫ টাকা, আকারভেদে গরুর জন্য ১৫ থেকে ১৮ ও খাসি বা ভেড়ার জন্য ৮ থেকে ১০ টাকা মজুরি পান।
অন্য একটি আড়তের শ্রমিক হাসান আলী বলেন, একজন চামড়াশ্রমিক দিনে সর্বোচ্চ ২০ থেকে ২৫টি চামড়ার কাজ করতে পারেন। এতে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। তবে দুই ঈদ, শবে বরাত, শবে কদরে বাড়তি পরিশ্রমের মাধ্যমে আয় কিছুটা বাড়ে। এবারও সে আশায় আছেন শ্রমিকেরা।
রামনগর এলাকার চামড়া ব্যবসায়ী রাজিউর রহমান বলেন, কোরবানির ঈদকে ঘিরে দিনাজপুরের রামনগর লালবাগ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আড়তে আড়তে আলোকসজ্জা করা হয়। দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় থেকে এখানকার আড়তে চামড়া আসে। কমপক্ষে ১৫ দিন ধরে চলে জমজমাট ব্যবসা।
পাটুয়াপাড়ার ব্যবসায়ী আমান উল্লাহ বলেন, দিনাজপুর শহরের চামড়া ব্যবসার ঐতিহ্য শত বছরের। কিন্তু ঢাকার বড় বড় অনেক ট্যানারির মালিকদের কাছে দিনাজপুরের ব্যবসায়ীদের এবার লাখ লাখ টাকা অনাদায়ি পড়ে আছে। অনেক বড় বড় চামড়া ব্যবসায়ী ঝুঁকির কারণে এবার ব্যবসাই করছেন না।
দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আকতার আজিজ বলেন, কোরবানির ঈদে জেলায় ৪০ থেকে ৫০ হাজার চামড়ার ব্যবসা হয়। এ ছাড়া ঈদুল ফিতর, শবে বরাত, শবে কদরের দিনে ১০ থেকে ১৫ হাজার চামড়া আড়তে আসে। আর বছরের বাকি দিনগুলোতে এক থেকে দেড় হাজারের মতো চামড়া কেনাবেচা হয়। তিনি জানান, ঢাকা ও নাটোর জেলার অনেক ট্যানারির মালিক ও ব্যবসায়ীদের কাছে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীদের ১২ কোটিরও বেশি টাকা অনাদায়ি পড়ে আছে। অনেক আড়তদার ও ব্যবসায়ী ব্যাংকঋণও মেটাতে পারেননি। নতুন করে পুঁজি বিনিয়োগ করে চামড়া কেনা তাঁদের অনেকেই ঝুঁকিপূর্ণ মনে করছেন।
দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি তৈয়ব উদ্দিন চৌধুরী বলেন, কোরবানির সময় অনেক যুবক বা ব্যবসায়ী নগদ লাভের আশায় ঈদের দিন চামড়া কেনেন। অনভিজ্ঞতার কারণে সরকারিভাবে নির্ধারিত দামে না কিনে অনেক সময় বেশি দামে কেনেন তাঁরা। এসব মৌসুমি ব্যবসায়ীর কারণে প্রকৃত চামড়া ব্যবসায়ীদেরও তখন বেশি দামে চামড়া কিনতে হয়। পরে অনভিজ্ঞদের সঙ্গে প্রকৃত ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হয়। এ রকম নানা প্রতিকূল অবস্থার কারণে এবার দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা প্রচণ্ড ঝুঁকির মুখে আছেন।