শঙ্কায় ভোটার শূন্য ভোটকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষের আশঙ্কায় নেত্রকোনার পূর্বধলার হোগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কেন্দ্র প্রায় ১৫ মিনিটের জন্য ভোটারশূন্য হয়ে পড়ে। পরে মসজিদের মাইকে ভোটারদের কেন্দ্রে আসার অনুরোধে করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভোটকেন্দ্রে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার হোগলা ইউপির পাট্টা দামপাড়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছিল। বেলা দেড়টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ইসলাম উদ্দিন সরকারের লোকজন কেন্দ্রের ভেতরে ঢুকে জাল ভোট দিচ্ছেন। বিদ্রোহী ওই প্রার্থী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তার কাছেও অভিযোগ করেন। এ সময় কেন্দ্রের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ওই কেন্দ্রে এলে সাধারণ ভোটাররা ভয়ে পালিয়ে যান। প্রায় ১৫ মিনিটের মতো কেন্দ্রের ভেতর ও বাইরে কোনো ভোটারের দেখা মেলেনি। পরে ওই ইউপির দায়িত্বে থাকা নির্বাহী হাকিম তৌসিফ আহম্মেদ কেন্দ্রের পাশে থাকা একটি মসজিদের মাইকে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ করেন। এ ঘোষণার পর ভোটার উপস্থিতি স্বাভাবিক হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, জাল ভোটের অভিযোগ ওঠায় কিছু সময়ের জন্য ভোটারের উপস্থিতি কম ছিল। এতে ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি। আর কেন্দ্রে জাল ভোট দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নির্বাহী হাকিম তৌসিফ আহম্মেদ বলেন, স্বতন্ত্র ওই প্রার্থী জাল ভোটের গুজব ছড়ানোর কারণে কিছু সময়ের জন্য কেন্দ্রে ভোটার কম ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।