জমি বিক্রি করে, সব সঞ্চয় ভেঙে ২০১৩ সালে চট্টগ্রামের চান্দগাঁও খাজা রোড এলাকায় তিনতলা বাড়ি করেন মো. আলমগীর। ওই বছরের শেষ দিকে নয়টি চুলার গ্যাস-সংযোগ চেয়ে আবেদন করেন তিনি। নিয়ম অনুযায়ী চাহিদাপত্রের বিপরীতে ২০১৪ সালের এপ্রিলে ১৮ হাজার ২৮১ টাকা ব্যাংকে জমা দেন তিনি। গ্যাস বিক্রয় চুক্তিপত্র করার ১৮ কার্যদিবসের মধ্যে তাঁর গ্যাস পাওয়ার কথা। কিন্তু আড়াই বছরেও তাঁর অপেক্ষা ফুরায়নি।
আক্ষেপ নিয়ে মো. আলমগীর বলেন, গ্যাস-সংযোগ না থাকায় প্রায় সময়ই ফ্ল্যাট খালি থাকছে। পাঁচ হাজার টাকা ভাড়ার ফ্ল্যাটে যাঁরা থাকবেন, তাঁদের কি এত টাকা দিয়ে এলপি গ্যাস কেনার সামর্থ্য আছে! গ্যাস-সংযোগ কবে পাব, কিংবা আদৌ পাব কি না, সেটাও কেউ পরিষ্কার করে বলছে না।
মো. আলমগীরের মতো চট্টগ্রামের ২০ হাজারেরও বেশি গ্রাহক টাকা পরিশোধ ও গ্যাস বিক্রয়-সংক্রান্ত চুক্তির পরও সংযোগ পাবেন কি না, এ নিয়ে শঙ্কায় আছেন। চট্টগ্রামে গ্যাস বিতরণ ও সংযোগ দেওয়ার দায়িত্বে আছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাস-সংযোগের জন্য অপেক্ষায় থাকা গ্রাহকেরা কর্ণফুলী কার্যালয়ে ধরনা দিয়েও কোনো সদুত্তর পাচ্ছেন না।
২০১৪ সালের ১৮ আগস্ট জ্বালানি মন্ত্রণালয় ‘গ্যাস বিপণন নিয়মাবলি, ২০১৪’ শিরোনামে একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গ্রাহকের সঙ্গে গ্যাস বিক্রয় চুক্তিপত্র সম্পাদনের পরবর্তী ১৮ কার্যদিবসের মধ্যে গ্যাস-সংযোগ স্থাপন করা হবে।
কর্ণফুলী গ্যাস সূত্র জানায়, বর্তমানে ২০ হাজার ৪৭৬ জন আবাসিক গ্রাহক গ্যাস পাওয়ার অপেক্ষায় আছেন। শিল্প ও বাণিজ্যিক গ্রাহকের আরও হাজার খানেক আবেদন ঝুলে আছে। গত মার্চ থেকে চট্টগ্রামে আবাসিকসহ সব ধরনের সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ কারণে নতুন আবেদনও নেওয়া হচ্ছে না।
গ্রাহকদের অভিযোগ, কর্ণফুলী গ্যাসের কাজের ধীরগতির জন্যই তাঁরা নির্দিষ্ট সময়ে গ্যাস-সংযোগ পাননি। ফয়েজ আলম নামের বায়েজিদ এলাকার আবেদনকারী এক গ্রাহক বলেন, ‘আবেদন করার সময় ঠিকাদার বলেছিল, সব মিলিয়ে সর্বোচ্চ তিন মাস লাগবে। কিন্তু দুই বছর পরেও গ্যাস পাইনি। যোগাযোগ করলে কর্মকর্তারা আগে বলতেন, মালামাল নাই, হবে, হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর এখন গেলে বলেন, সংযোগ বন্ধ। ধৈর্য ধরেন।’
নির্ধারিত সময়ে গ্যাস-সংযোগ না দিতে পারার বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুর রহমান খান কোনো মন্তব্য করতে চাননি। সংযোগ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে সব ধরনের সংযোগ আপাতত বন্ধ আছে।
সরকারি নির্দেশে সারা দেশে ২০১০ সালের জুলাই থেকে ২০১৩ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রায় তিন বছর সব ধরনের গ্যাস-সংযোগ বন্ধ ছিল। এরপর ২০১৩ সালের মে মাস থেকে আবাসিকে সংযোগ দেওয়া আবারও চালু হয়। গত তিন বছরে কর্ণফুলী গ্যাস লিমিটেড প্রায় ২৮ হাজার নতুন গ্রাহককে সংযোগ দিয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক ঐক্যজোটের সাধারণ সম্পাদক আলমগীর নূর বলেন, নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করে যেসব গ্রাহক অপেক্ষায় আছেন, সরকার তো তাঁদের গ্যাস দিতে নিষেধ করেনি। সরকার বলেছে নতুন আবেদন না নিতে। কিন্তু কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্তের জন্য অনেক গ্রাহকই টাকা জমা দেওয়ার পরও তিন-চার বছর ধরে অপেক্ষায় আছেন।
নাম না প্রকাশের শর্তে কর্ণফুলী গ্যাসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০১০ সালে গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়ার আগে যেসব আবেদন জমা পড়েছিল, শুরুতে তাঁদের বাসায় গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। পুরোনো আবেদনে প্রায় ১২ হাজার সংযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, গত বছরের শুরু থেকে নীতিনির্ধারণী মহলে আবাসিকে গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়া নিয়ে আবার আলোচনা শুরু হয়। তখন থেকে চট্টগ্রামেও সংযোগ দেওয়ার কাজটি ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়। এরপর সংযোগ প্রদান একেবারেই বন্ধ করে দেওয়া হয়।