শঙ্কিত কৃষক এখন স্বস্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠজুড়ে সোনারঙা ধানের ঝিলিক। চারদিক পাকা ধানের ম-ম গন্ধ। কৃষক কাস্তের টানে কেটে চলেছে মুঠি মুঠি ধানের গোছা। পাশাপাশি চলছে মাড়াই। কৃষকের আঙিনাজুড়ে এখন ধানের ছড়াছড়ি।

ঠাকুরগাঁওয়ের ফসলি মাঠগুলো আর কৃষকের উঠানের দৃশ্য এখন এমনই। ঠাকুরগাঁওয়ে চলছে বোরো ধান কাটার মৌসুম। এবার বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকের চেহারায় স্বস্তির ছায়া।

গত শনি ও গতকাল রোববার সদর উপজেলার জগন্নাথপুর, ভেলাজান, বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর, চাড়োল ও কালমেঘ এলাকা ঘুরে দেখা যায়, দম ফেলার ফুরসত নেই কৃষকের। একদিকে ধান কাটা হচ্ছে, অপরদিকে চলছে সেই ধান মাড়াই। মাঠের পাশে কোনো কোনো পাকা সড়কেই চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ। আর কৃষাণীরা মাড়াই করা ধান ঝেড়ে নিচ্ছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ মৌসুমে বোরো গাছ থেকে শিষ বের হওয়ার সময় এলাকার অনেক ধানখেতে নেক ব্লাস্ট (গলা পচা) রোগ দেখা দেয়। কৃষকেরা ছত্রাকনাশক ছিটিয়ে খেতের ধান রক্ষার চেষ্টা চালায়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের মধে৵ তখন হতাশা ছড়িয়ে পড়ে।

সদর উপজেলার কৃষক ননি বর্মণ (৫৫) বলেন, ধানে গলা পচা রোগের কারণে ফলনের আশা তিনি ছেড়েই দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে খুব একটা ক্ষতি হয়নি। গতবার এক বিঘা (৫০ শতক) জমিতে ২৮ থেকে ২৯ মণ ধান পেয়েছিলেন। এবার তা ১৮ মণ হয়েছে। ধান মাড়াইয়ের পর জমি থেকেই ৮৫০ টাকা মণ দরে পাইকারদের কাছে বিক্রি করেছেন।

ফলনে কিছুটা প্রভাব পড়লেও বাজারে এবার ধানের দাম ভালো। ফলে ক্ষতি অনেকটাই পুষিয়ে যাচ্ছে কৃষকদের। চাড়োল গ্রামের কৃষক আজহার আলী (৫৯) দুই বিঘা জমিতে ব্রি ২৮ জাতের ধান চাষ করেছেন। তিনি বলেন, ‘এবার ধানে চিটা দেখা দেয়। এতে ধান কম পেয়েছি। তবে খরচ আর ধানের দাম মিলিয়ে তা পুষিয়ে গেছে।’

পাড়িয়া গ্রামের কৃষক রুস্তম আলী বলেন, হাটে এখন এক বস্তা (৮৪ কেজি) নতুন ধান ১ হাজার ৬৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ধানের দাম ভালো না পেলে কৃষকের এবার মরণ ছাড়া উপায় থাকত না বলে জানান তিনি।

দাম ভালো পাওয়ায় খুশি সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক মিজানুর রহমান। তিনি বলেন, ‘এবার ১০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। প্রতি বিঘায় গড়ে ২২ মণ করে ফলন পেয়েছি। প্রতি মণের দাম ৮৫০ টাকার ওপরে। সামনের দিনে দাম আরও বাড়বে বলে আশা করছি। এতে লাভের পরিমাণও বাড়বে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম বলেন, ব্লাস্ট রোগের কারণে বোরো ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা কৃষকদের মধে৵ খুব একটা প্রভাব ফেলতে পারেনি। আবহাওয়ার কারণে বোরোর ফলন কিছুটা কম হলেও বাজারে ধানের দর বেশি থাকায় সে ক্ষতি পুষিয়ে যাচ্ছে।