শঙ্খ নদে নিখোঁজ সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়িতে শঙ্খ নদে নিখোঁজ সেনা কর্মকর্তা লে. তানভির মাহমুদের মরদেহ গতকাল মঙ্গলবার সকাল সাতটায় পাওয়া গেছে। যে বেতছড়ামুখ এলাকায় তিনি নিখোঁজ হয়েছিলেন, সেখানেই মরদেহ ভেসে উঠেছিল বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।
বান্দরবান সেনা সদর জোনের উপ-অধিনায়ক মেজর আহমদ মুর্তুজা রেজা জানান, গতকাল সকালে উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে নামার সঙ্গে সঙ্গে নদীতে ভাসমান অবস্থায় তানভিরের মরদেহ দেখতে পান। বেতছড়া সেনাক্যাম্পের সেনাসদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করার পর তাঁর মা ও বাবাকে বিষয়টি জানানো হয়। লে. তানভির বেতছড়া ক্যাম্পের উপ-অধিনায়ক ছিলেন।
রোববার শঙ্খ নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ইঞ্জিনচালিত নৌকায় ও হেলিকপ্টারে তানভিরের সন্ধান করছিল। সেনা কর্মকর্তারা বলেছেন, মরদেহ বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের পর সেনানিবাসে জানাজা শেষে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে ঢাকার সেনা সদর দপ্তরে নেওয়ার পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।