শঙ্খ-মাতামুহুরীকে রক্ষার আহ্বান
বান্দরবানের দুই প্রধান নদ-নদী শঙ্খ ও মাতামুহুরীকে বিপন্ন অবস্থা থেকে রক্ষা করা না গেলে আগামী দুই-এক দশকের মধ্যে এগুলো মরা নদীতে পরিণত হবে। সমতল এলাকার মতো পার্বত্য অঞ্চলে ভূগর্ভস্থ পানি সহজলভ্য না হওয়ায় দুই প্রধান নদী মরে গেলে বান্দরবানের শহর-জনপদগুলোও বসবাসের অনুপযোগী হবে। এতে মারাত্মক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। গতকাল রোববার শঙ্খ-মাতামুহুরী বাঁচাও আন্দোলনের নেতা-কর্মীরা এক কর্মশালা শেষে এ কথা বলেছেন। বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালায় পরিবেশবিদ, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।শঙ্খ-মাতামুহুরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক দেন্দোহা জলাই ত্রিপুরা বলেন শঙ্খ ও মাতামুহরী নদী এবং নদী উপত্যকার ৪০ বছরের পরিবেশ ও প্রতিবেশ পর্যবেক্ষণ করে মারাত্মক বিপর্যয়মুখী অবস্থা পাওয়া গেছে। ইতিমধ্যে অনেক প্রজাতির জলজ প্রাণী বিলুপ্ত হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নদী, খাল, ঝিরি-ঝরনাসহ পানির উৎস, বনজ ও জলজ সম্পদ এবং ভূমি সম্পদের সুষ্ঠুু ব্যবস্থাপনায় নিয়ে আসা সম্ভব না হলে নদী দুটি আরও বেশি বিপন্ন হয়ে পড়বে বলে তাঁরা মন্তব্য করেন।