শঙ্খপাড়ের সবজির হাট
চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের শঙ্খপাড়ের লাখিয়ার খিল রেলস্টেশন ঘাটে আসে সবজিবোঝাই ইঞ্জিন বোট ও নৌকা। ঘাটের ওপরে প্রতিদিন বসে সবজির হাট। ব্যবসায়ীরা এসব সবজি কিনে নিয়ে যান চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজার, কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, পটিয়া, বোয়ালখালী ও সাতকানিয়া এলাকায় বিক্রির জন্য। হরতালের পর গতকাল বেচাকেনা জমে ওঠে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, শঙ্খ নদের উত্তরে মুন্সির চর আর দক্ষিণে লালদিয়ার চর এবং এর আশপাশের ধর্মপুর, রসুলাবাদ, চাগাচরের বিশাল এলাকাজুড়ে চাষ করা হয়েছে মুলা, বেগুন, কাঁচা মরিচ, ধনেপাতা, বরবটি, শিম, বাঁধাকপি, ফুলকপি, লালশাক, লাউ প্রভৃতি সবজি। সেখান থেকে তাঁরা এসব সবজি নিয়ে আসেন রেলস্টেশন ঘাটে। সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত চলে বেচাকেনা।
এ ঘাট দিয়ে প্রতিদিন আনুমানিক দুই থেকে তিন হাজার মণ সবজি বিক্রির জন্য আনা হয় বলে জানিয়েছেন সবজি চাষি মোস্তফা জামান।
আট বছর ধরে শঙ্খপাড়ে সবজি কেনাবেচার সঙ্গে জড়িত সাতকানিয়ার ব্যবসায়ী নুর মোহাম্মদ। এবার ব্যবসা ভালো যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘আমি এক কেজি মুলা ৩৫-৪০ টাকা আর বেগুন ৫০-৬০ টাকা দামে কিনে নিচ্ছি। কিন্তু প্রায় একই দামে এগুলো বিক্রি করতে হচ্ছে সাতকানিয়ার বাজারে। সাধারণ ক্রেতারা বেশি দামে কিনতে চান না। জোর করে তো আর বিক্রি করতে পারব না।
এখন বাজারে মুলা ও বেগুন আসছে বেশি। এক মাস পরে বাজারে আসবে ফুলকপি-বাঁধাকপি।’ জানালেন সবজিচাষি আবুল হোসেন।