শঙ্খশিল্প বাঁচানোর দাবিতে খুলনায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী শঙ্খশিল্প বাঁচানোর দাবিতে গত রোববার খুলনা মহানগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শঙ্খ আমদানি সমবায় সমিতি এই কর্মসূচির আয়োজন করে। সমিতির সভাপতি জগন্নাথ দত্তের সভাপতিত্বে সমাবেশে সমিতির দাবির প্রতি একাত্মতা জানিয়ে বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগের নেতা শ্যামল সিংহ রায় ও শঙ্খ আমদানি সমিতির সাধারণ সম্পাদক সজীব কুমার দাস। বক্তারা বলেন, হিন্দু-ধর্মাবলম্বীদের অতি প্রয়োজনীয় পূজা ও বিয়ের উপকরণ শাঁখা। এই শাঁখা ঘিরে গড়ে উঠেছে শঙ্খশিল্প। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় শঙ্খ কেটে, ঘষে ও নকশা করে শাঁখা তৈরি করা হয়। সারা দেশে এই শিল্পের সঙ্গে প্রায় কয়েক হাজার মানুষ জড়িত। এ ছাড়া বহুসংখ্যক বেকার যুবকের নতুন করে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এ শিল্পে। কিন্তু আমদানিশুল্ক বেশি হওয়ায় এবং ভারত থেকে চোরাইপথে আসা শাঁখার কারণে বর্তমানে এই শিল্প ধ্বংসের পথে।