শঙ্খে চর, ব্যাহত নৌযান চলাচল
আমরা শঙ্খ নদ দিয়ে নৌকায় বান্দরবানের রুমা বাজার থেকে আদা, হলুদ ও শিমুল তুলাসহ পাহাড়ি এলাকায় উৎপাদিত নানান ফল, ফসল ও পণ্য দোহাজারী সেতু ঘাটে আনতাম। সেখান থেকে গাড়িতে করে চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ ও অন্যান্য এলাকার আড়তদারদের কাছে বিক্রি করতাম। এখন নদীতে চর জাগায় নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
বান্দরবান জেলার রুমা উপজেলার রুমা বাজারের ব্যবসায়ী রাজীব মল্লিক (৪০) হতাশ হয়ে কথাগুলো বললেন। শঙ্খে চর জাগায় ব্যবসার সেই রমরমা অবস্থা নেই। কেবল তিনি নন, এই নদের বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় পেশা নিয়ে সংকটে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝি ও জেলেরা।
সরেজমিনে দেখা গেছে, বান্দরবান, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত শঙ্খ নদে জেগে উঠেছে বিশাল আকারের বেশ কয়েকটি চর। সাতকানিয়ার পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর এবং কালিআইশ এলাকায় শঙ্খের বুকে এসব চর পড়েছে। চরে নদের পাড়ের অনেক কৃষক সবজির চাষ করেছেন। অনেক জায়গায় চরের ওপর জেলেদের নৌকা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শঙ্খপাড়ের বিভিন্ন এলাকায় অবাধে গাছ নিধনের কারণে বৃষ্টির পানির সঙ্গে মাটি এসে ভরাট করছে নদের তলদেশ। এ কারণে নদের বিভিন্ন এলাকায় চর জাগছে। পাশাপাশি অব্যাহত খরার কারণে নদের পানি কমে যাওয়ায় নৌযান চলাচল বন্ধ হওয়ার পথে।
নদের পাড়ের অধিবাসীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সেই ব্রিটিশ আমল থেকে শঙ্খ নদ দিয়ে সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার লোকজন আসা-যাওয়া করত। বছরের পর বছর ধীরে ধীরে নদের নাব্যতা কমে যাওয়ার কারণে এ পথে নৌযান চলাচল এখন হুমকির মুখে। এ ছাড়া এ মৌসুমে খরার কারণেও পানি কমে যাওয়ায় নদের পাড়ের মাঝি ও জেলেরা অর্থকষ্টে সময় পার করছেন।
উপজেলার বিশ্বহাট এলাকার জেলে রণধীর দাশ (৪৬) বলেন, ‘নদে চর জেগে ওঠায় এবং পানি কমে যাওয়ায় প্রায় তিন মাস আগে থেকে মাছ ধরা বন্ধ হয়ে গেছে। এখন আমরা বেকার। এ অবস্থার পরিবর্তন না হলে আমাদের হয়তো বাপ-দাদার পেশা বদল করে অন্য পেশার খোঁজ করতে হবে।’
পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ হোসেন সিকদার জানান, আগে শঙ্খে তেমন চর দেখা যেত না। পাঁচ-ছয় বছর থেকে
বড় বড় চর জেগে উঠছে। কমে গেছে নাব্যতা। ফলে জেলে ও মাঝিরা বেকার হয়ে পড়েছেন। তাছাড়া নৌপথে যাতায়াত ও মালামাল আনা-নেওয়ার খরচ ছিল কম। এখন নৌপথ বন্ধ থাকায় খরচ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় সরকারের উচিত শঙ্খে খননের উদ্যোগ নেওয়া।