শঙ্খের ভাঙনকবলিত এলাকা থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্খ নদের ভাঙনকবলিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডীর লামারবাজার এলাকা থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলে বিক্রি করা হচ্ছে। এতে ভাঙন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, লামারবাজার এলাকা শঙ্খ নদের ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকার সড়ক, অনেক বসতভিটা ও দোকান এরই মধ্যে নদে বিলীন হয়ে গেছে।
গতকাল বুধবার সকালে লামারবাজার এলাকায় খননযন্ত্র দিয়ে বালু তুলতে দেখা যায়। বালু উত্তোলনের কাজে নিয়োজিত তিন শ্রমিক এ সময় কোনো কথা বলতে রাজি হননি।
স্থানীয় সূত্র জানায়, আবদুল গফুর ও আব্বাস উদ্দিন নামের স্থানীয় দুই ব্যক্তি বালু তুলছেন। তাঁরা দুজনই সরকারদলীয় সমর্থক। এ কারণে কেউ প্রতিবাদ করার সাহস পান না।
বালু তোলার কথা স্বীকার করে আবদুল গফুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নদের অপর প্রান্ত থেকে বালু তুলে তাঁরা লামারবাজার এলাকায় রাখছেন। ওই বালু দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরীর পারিবারিক পুকুর ভরাট করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে জুঁইদণ্ডী ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, এলাকার সড়ক সংস্কার ও পারিবারিক পুকুর ভরাটের জন্য আগে তিনি ওই দুই ব্যক্তির কাছ থেকে সামান্য পরিমাণ বালু কিনেছেন। এখন তাঁদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, লামারবাজারের কাছাকাছি এলাকা ভরাচর থেকে বালু তোলা নিয়ে গত বছরের ১৮ জুন প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। পরে সেদিনই ওই এলাকা থেকে দুটি খননযন্ত্র জব্দ করে প্রশাসন।