শঙ্খের ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর-জমি
চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদের ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর ও ফসলি জমি। গত ১৫ দিনে উপজেলার আমিলাইষ ইউনিয়নের মধ্যম আামিলাইষ ও পশ্চিম আমিলাইষ গ্রামের অন্তত ১৮টি বসতঘর ও প্রায় দেড় শ একর ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে।
নদে বিলীন হয়ে যাওয়া বাড়ির মালিকেরা জানান, আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে নদের পানি বৃদ্ধির পর ধীরে ধীরে ভাঙন দেখা দেয়। অধিক উচ্চতার জোয়ারের তাণ্ডবে ভাঙনের তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে মধ্যম আমিলাইষ ও পশ্চিম আমিলাইষ গ্রামের ১৮টি বসতঘর ও প্রায় ১৫০ একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে যায়।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, মধ্যম আামিলাইষ ও পশ্চিম আমিলাইষ গ্রামের আরও অন্তত ৪০টি বাড়ি নদে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া পশ্চিম আমিলাইষ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের ঝুঁকিতে আছে।
আমিলাইষ গ্রামের সিকদারবাড়ি এলাকার কৃষক বদিউল আলম, ছৈয়দ আহমদ ও আবদুস সালাম প্রথম আলোকে বলেন, রাতে বসতঘর নদে বিলীন হওয়ায় ঘর থেকে কোনো কিছু বের করা সম্ভব হয়নি। সরকারিভাবে তেমন কোনো সাহায্যও পাওয়া যায়নি। সামান্য টাকা ও চাল পাওয়া গেছে।
নদের ভাঙনে বসতঘরহারা লোকজন বলেন, তাঁরা প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
আমিলাইষ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এইচ এম হানিফ বলেন, গত বছরও ৩৫টি বসতঘর নদে বিলীন হয়েছে। এ বছর বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা বেড়েছে। বসতঘরের পাশাপাশি ফসলি জমিও নদে বিলীন হয়ে যাচ্ছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ভাঙনের বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পাউবো চট্টগ্রামের পটিয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘শঙ্খ নদের ভাঙন প্রতিরোধে বড় বাজেটের একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আমিলাইষ ইউনিয়নসহ নদের তীরের সব গ্রাম রক্ষা পাবে বলে আশা করছি।’