শঙ্খের ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মধ্যম বারখাইন ও তৈলারদ্বীপ গ্রামে শঙ্খের ভাঙন প্রবল আকার ধারণ করেছে। ভাঙনে বিলীন হচ্ছে দুই গ্রামের বিস্তীর্ণ এলাকা।
স্থানীয় সূত্রমতে, গত পাঁচ বছরে শঙ্খের ভাঙনে গ্রাম দুটির সাত শতাধিক ঘর বিলীন হয়েছে। ভাঙনের কারণে ছোট হয়ে আসছে পূর্ব বারখাইন গ্রাম। গ্রামের ফেরিঘাট থেকে প্রতাপ মজুমদারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত এক সপ্তাহে পূর্ব বারখাইনের রামশি মহাজনের বাড়ির ১০ পরিবারের বসতঘর নদে বিলীন হয়ে গেছে। পরিবারগুলো আশ্রয় নিয়েছে পাশের বেড়িবাঁধে। ভাঙনের আতঙ্কে আছে অন্য পরিবারগুলো।
প্রতাপ মজুমদার বাড়ির বাসিন্দা অধীর কান্তি মজুমদার বলেন, ১০ বছর ধরে শঙ্খের ভাঙনের কারণে তাঁরা সীমাহীন ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। ওই বাড়ির আরেক বাসিন্দা পুলিন মল্লিক বলেন, ঘর হারিয়ে তাঁরা পাঁচ ভাই পরিবারের সদস্যদের নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন।
জলদাসপাড়ার নীলকমল দাশ বলেন, বছরের পর বছর ভাঙনে গ্রামের বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাচ্ছে। শিগগিরই পাথর বা ব্লক বসানো না হলে বাপ-দাদার ভিটা বিলীন হয়ে যাবে।
এদিকে শঙ্খের ভাঙনে গত দুই বছরে তৈলারদ্বীপ গ্রামের ছয় শতাধিক ঘর বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে গেছে রাস্তাঘাট।
বারখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক বলেন, গত দুই বছরে মধ্য বারখাইন গ্রামের ৩২টিসহ পাঁচ বছরে শতাধিক ঘর নদে বিলীন হয়ে গেছে। তিনি জানান, ফেরিঘাট থেকে উত্তর দিকে এক কিলোমিটার এলাকায় প্রবলভাবে ভাঙছে।
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল কবির বলেন, শঙ্খের ভাঙনে তৈলারদ্বীপ গ্রামের ছয় শতাধিক ঘর ও অনেক ফসলি জমি বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, মধ্য বারখাইন ও তৈলারদ্বীপ গ্রামে শঙ্খের ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।