শঙ্খের ভাঙনে হুমকিতে আনোয়ারার জুঁইদণ্ডী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের তিন পাশেই শঙ্খ নদ। বর্তমানে তিন পাশেই শঙ্খের ভাঙনে পড়েছে ইউনিয়নটি। বিশেষ করে ইউনিয়নের পশ্চিমে সাপমারা খালের মুখ, দক্ষিণে চর জুঁইদণ্ডী, পূর্বে লামারবাজার, শান্তিরহাট ও খুরুস্কুল গোদারগোড়া এলাকায় শঙ্খের ভাঙনে বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান ও শ্মশান নদীগর্ভে চলে গেছে। গত কয়েক বছরে শঙ্খের গর্ভে বিলীন হয়েছে জুঁইদণ্ডী আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা ও মোহছেন আউলিয়া সড়কের দুটি স্থানের অন্তত এক কিলোমিটার।
উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের লামারবাজার এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন (২৬) বলেন, ‘আকাশে মেঘ করলেই বুকটা কেঁপে ওঠে। বৃষ্টি হলেই নদে পানি বেড়ে যায়। আর তখন ঘরে পানি প্রবেশ করে। বেড়িবাঁধ না থাকায় আমাদের আতঙ্ক কাটছে না।’ শুধু সাদ্দামই নন, শঙ্খ নদের ভাঙনে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ইউনিয়নের অনেক বাসিন্দা।
শঙ্খের ভাঙনকবলিত এলাকার লোকজন জানান, শিগগিরই বেড়িবাঁধ নির্মাণ ও ভাঙন রক্ষায় ব্যবস্থা নেওয়া না হলে বিলীন হয়ে যেতে পারে সোলতান আহমদ চৌধুরী হাট, গোদারপাড়, উত্তর জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারুল উলুম মাদ্রাসার নতুন ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য বাড়িঘর।
সম্প্রতি লামারবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, ভাঙনে পড়ে লামারবাজার এলাকার সড়ক বিলীন হয়ে পড়েছে। বিকল্প পথে চলাচল করছেন গ্রামের মানুষজন। সেখানে বেড়িবাঁধের চিহ্নও চোখে পড়েনি। ‎
জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য বদিউর রহমান বলেন, উপকূলীয় জুঁইদণ্ডী ইউনিয়নের শাহ মোহছেন আউলিয়া সড়ক দিয়ে স্থানীয় লোকজন উপজেলা সদর, বটতলী-রুস্তমহাট ও চট্টগ্রাম শহরে যাতায়াত করে। সড়কটির লামারবাজার অংশ শঙ্খের ভাঙনের কবলে পড়ে বিলীন হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, ‘শঙ্খের ভাঙনে পুরো ইউনিয়ন হুমকির মুখে। বেড়িবাঁধ ভেসে যাওয়ায় ইতিমধ্যে ইউনিয়নের তিন পাশ খোলা অবস্থায় রয়েছে। তাই আগামী বর্ষার আগে বেড়িবাঁধ সংস্কার ও ভাঙনকবলিত এলাকায় ব্লক বসানোর আবেদন জানাচ্ছি।’
মোরশেদুর রহমান চৌধুরী আরও জানান, ২০১১-১২ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড খুরুস্কুল গোদারগোড়ায় এক কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক বসালেও বর্তমানে বিভিন্ন এলাকা উন্মুক্ত রয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন প্রথম আলোকে বলেন, ২১ কোটি টাকা ব্যয়ে জুঁইদণ্ডী লামারবাজার এলাকায় এক কিলোমিটার ও খুরুস্কুল গোদারগোড়া ৫১০ মিটার এলাকায় বেড়িবাঁধ নির্মাণসহ সিসি ব্লক বসানো হবে। এর বাইরে পাঁচ কোটি টাকা ব্যয়ে জুঁইদণ্ডীর চারপাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এসব কাজ শেষ হলে শঙ্খের ভাঙন থেকে রক্ষা পাবে জুঁইদণ্ডী।