শচীন দেববর্মনের পৈতৃক বাড়ি বুঝে পেল কুমিল্লা জেলা প্রশাসন
‘তাকদুম তাকদুম বাজাই’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’—এমন অজস্র অমর গানের স্রষ্টা শচীন দেববর্মনের পৈতৃক বাড়ি ৫৮ বছর পর নিয়ন্ত্রণে নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। সম্প্রতি জেলা প্রশাসন ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে ওই বাড়ি এবং এর আশপাশের প্রায় দশমিক ৭২৯৬ একর (প্রায় ৭৩ শতক) জায়গার দখল বুঝে পেয়েছে। সেখানে কালচারাল কমপ্লেক্স নির্মাণের প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসন সূত্র ও স্থানীয় লোকজন জানান, ইতিমধ্যে প্রশাসন সেখানে শচীন দেববর্মন সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। একই সঙ্গে সেখানে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে অর্ধশতাব্দীর বেশি সময় সরকারি হাঁস-মুরগির খামার ছিল। কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার বাগানঘেরা জরাজীর্ণ এই বাড়িটি ‘শচীনকর্তা’র বাড়ি নামেই এত দিন পরিচিত ছিল। উপমহাদেশের কিংবদন্তি সুরস্রষ্টার স্মৃতিজাগানিয়া এ বাড়ি জেলা প্রশাসনের অধীনে আসায় সংস্কৃতিকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মতিন বলেন, ১৯৫৬-৫৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার শচীন দেববর্মনের বাড়ি এবং এর আশপাশের ৪ দশমিক ৫৩৬০ একর ভূমি অধিগ্রহণ করে। সেখানে ওই সময়ে সরকারি হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করা হয়। অধিগ্রহণ করা ভূমির বাইরে আরও প্রায় শূন্য দশমিক ৭২৯৬ একর (৭৩ শতক) ভূমি নিয়ে খামার কর্তৃপক্ষ সীমানাপ্রাচীর তৈরি করে। শূন্য দশমিক ৭২৯৬ একর ভূমির মধ্যে দশমিক ১০৯৬ একর ভূমিতে শচীন দেববর্মনের পরিত্যক্ত বাড়ি রয়েছে। অবশিষ্ট ভূমি অব্যবহৃত পড়ে আছে। কিন্তু একই পথ দিয়ে হাঁস-মুরগির খামার ও শচীনকর্তার বাড়িতে যাতায়াত করতে হয়। এ অবস্থায় জেলা প্রশাসন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর বাড়িকে পুরাকীর্তি ঘোষণা করে কালচারাল কমপ্লেক্স ভবন নির্মাণ করার উদ্যোগ নেয়। ২৯ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় এ জায়গা বরাদ্দ দেয়। এখন সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বরাদ্দ এলেই সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে।
২০১১ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রথমা প্রকাশন শচীন দেববর্মনকে নিয়ে সরগমের নিখাদ নামের একটি বই প্রকাশ করে। প্রাবন্ধিক আবুল আহসান চৌধুরীর সম্পাদনায় ওই বই বের হয়। ওই বইয়ে উল্লেখ রয়েছে, ১৯০৬ সালের ১ অক্টোবর শচীন দেববর্মন কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার এ বাড়িতে জন্মগ্রহণ করেন। ত্রিপুরার আগরতলার রাজপরিবারের সন্তান তিনি। তাঁর বাবা নবদ্বীপ চন্দ্র দেববর্মন ছিলেন ওই সময়ের কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান বলেছেন, শচীন দেববর্মনের বাড়িকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে সেখানে কালচারাল কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। ইতিমধ্যে জেলা প্রশাসন ওই জায়গা বুঝে নিয়েছে।