শচীন দেবের বাড়িতে গড়ে উঠবে গানের আর্কাইভ: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লায় অবস্থিত শচীন দেববর্মনের বাড়িটি উদ্ধার করা হয়েছে। এর আশপাশের জমিও উদ্ধার করা হবে। এ বাড়িতে সংগীতের আর্কাইভ গড়ে তোলা হবে, যেখানে বাংলা গান ছাড়াও বিশ্বের সব ভাষার গান সংগৃহীত হবে। এই বাসভবনকে ঘিরে গড়ে তোলা হবে বাংলার সংগীতচর্চার কেন্দ্র।
আজ বুধবার শচীন দেববর্মনকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। শচীন দেববর্মনের জীবনী নিয়ে গোলাম ফারুকের লেখা বইটির নাম ‘শচীন দেববর্মন : মর্ত্যের রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। দৈনিক আমাদের কুমিল্লা আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিল আইএফআইসি ব্যাংক।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় মৌলবাদীদের হামলায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনসহ বাসভবন হারিয়েছি। এ রকমের কোনো ঘটনা শচীন দেববর্মনের বাড়ির ক্ষেত্রে ঘটুক, তা চাই না। শচীন দেববর্মন বাংলার সংগীতকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন। দেশে শচীন দেবকে নিয়ে যত বেশি সংস্কৃতিচর্চা করব, তত বেশি মৌলবাদীদের প্রতিহত করতে পারব।’
অনুষ্ঠানে বইটি সম্পর্কে বলতে গিয়ে বিশেষ অতিথি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘লেখক অ্যাডভোকেট গোলাম ফারুক প্রচুর পরিশ্রম করে বিভিন্ন সূত্র থেকে শচীন দেবের জীবন নিয়ে বইটি লিখেছেন। এ কারণে বইটি তথ্যবহুল হয়েছে। এতে শচীন দেব ও তাঁর পরিবার ছাড়াও কুমিল্লার সাংস্কৃতিক পরিমণ্ডলের খবর এসেছে।’ তিনি লেখককে অভিনন্দন জানিয়ে বলেন, বইটি থেকে নতুন প্রজন্ম শচীন দেববর্মন সম্পর্কে জানতে পারবে।
শচীন দেববর্মন ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কুমিল্লার ইউসুফ স্কুলে প্রথম কিছুদিন পড়ার পর তাঁকে ভর্তি করা হয় জিলা স্কুলে। এ স্কুলে সরস্বতীপূজায় গাইলেন বাবা নবদ্বীপ চন্দ্রের শেখানো গান। কিশোর শচীনের কণ্ঠে মুগ্ধ হয় সবাই। পুত্রের সংগীতে আগ্রহ পিতার চোখে পড়ে। কুমিল্লার সে সময়ের খ্যাতিমান উচ্চাঙ্গশিল্পী শ্যামাচরণ দত্তের কাছে সংগীতের তালিম নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। গবেষক ও কুমিল্লার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম ফারুক রচিত ‘শচীন দেববর্মন : মর্ত্যের রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’ বইটিতে শচীন দেববর্মনের জীবনের এসব ঘটনা জীবন্ত হয়ে উঠে আসে। বইটিতে তাঁর পারিবারিক ইতিহাস, ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে শচীন দেবের পিতা নবদ্বীপ চন্দ্রের কুমিল্লা আগমন ও সিংহাসন নিয়ে দ্বন্দ্ব, কুমিল্লায় শচীন দেবের জন্ম ও কুমিল্লার সে সময়ের ইতিহাস, শচীন দেবের কলকাতার জীবন, বোম্বের (মুম্বাই) জীবনের বিস্তৃত তথ্যবহুল ইতিহাস উঠে এসেছে।
অনুষ্ঠানে দৈনিক আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী, কবি, ঔপন্যাসিক মুহম্মদ নূরুল হুদা, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান প্রমুখ।