‘বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি’, ‘আমারে ছাড়িয়া বন্ধু কই রইলা রে’ ‘তাকদুম তাকদুম বাজাই...’ এ রকম অজস্র অমর গানের স্রষ্টা শচীন দেববর্মন। আজ ১ অক্টোবর তাঁর ১০৫তম জন্মবার্ষিকী। ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা শহরের উত্তর চর্থা রাজ বাড়িতে তার জন্ম। বাগানঘেরা ওই জরাজীর্ণ বাড়ি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটি এখন সরকারি হাঁস-মুরগির খামার। বাড়িটি সংস্কারের কোন উদ্যোগ নেই। এমনকি সরকারি ও বেসরকারিভাবে এই জেলা শহরটিতে আজ কোন অনুষ্ঠানও নেই।জেলা প্রশাসক মো. রেজাউল আহসান গতকাল শুক্রবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন,‘ বাড়িটি সংস্কার করে সেখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র করার জন্য সংস্কৃতি মন্ত্রনালয়ে মাস খানেক আগে প্রস্তাব পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর বাড়িটি সংস্কারের জন্য আমরা প্রস্তাব রেখেছি। কিছুদিন আগে আমরা সদরের সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে নিয়ে বাড়িটি পরিদর্শন করি। তিনিও বাড়িটি সংস্কারের ব্যাপারে একমত প্রকাশ করেন।’গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, বহু কক্ষবিশিষ্ট এক তলা ভবনটির জরাজীর্ণ অবস্থা। এর ছাদ কোন অংশে ভেঙ্গে পড়েছে। আবার কোথায়ও পলেস্তরা খসে পড়েছে। ভবনের মধ্যে পরগাছা উদ্ভিদ বংশবিস্তার করেছে। ভবনের ভেতরের বিভিন্ন কক্ষে মলমূত্রের ছড়াছড়ি। রয়েছে ফেনসিডিলের খালি বোতলও। আর ভবনের পেছনের অংশের দেওয়ালে লেখা রয়েছে ‘এই ভবনটি মহারাজ কুমার নবদ্বীপ চন্দ্র দেববর্মন বাহাদুরের রাজবাড়ি। ১৯২২ সালে কবি নজরুল শচীনের সঙ্গে এ বাড়িতে বসে সংগীত গাইতেন।’ ১৯৮৩ সালের ২৯ আগষ্ট কুমিল্লা নজরুল স্মৃতি রক্ষা পরিষদ ওই লেখাটি খোদাই করে। আর পুরো বাড়ি জুড়ে এখন সরকারি হাঁস-মুরগি খামারের টিনের শেড, গুদাম ঘর ও সরকারি কোয়াটার ও অফিস। এখানে বর্তমানে সাড়ে আট হাজার মুরগির বাচ্চা রয়েছে। ১৯৫৬ রাজ পরিবারের সদস্যরা এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর এখানে মুরগির খামার গড়ে ওঠে। তখন পাকিস্তান সরকার রাষ্ট্রীয়ভাবে তাঁর চিহ্ন ধ্বংস করে দিয়ে মুরগির খামার প্রতিষ্ঠা করে। ওই খামারের দুই জন কর্মচারী প্রদীপ বড়ুয়া ও আনোয়ার হোসেন বলেন, প্রায় প্রতিদিনই ভারত, আগরতলা, ত্রিপুরা ও বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতিকর্মীরা এ বাড়িটি দেখতে আসেন। এসে তাঁরা হতাশ হয়ে পড়েন। এ প্রসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আমীর আলী চৌধুরী বলেন, ষাট বিঘা জমির উপর শচীন দেববর্মনের এ বাড়ি। এটি সংস্কার করে কিংবদন্তী সঙ্গীতজ্ঞের প্রতি দায়িত্ব পালন করা রাষ্ট্রযন্ত্রের প্রধান কর্তব্য। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা বশিরুল আনোয়ার বলেন, কুমিল্লায় আজ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে কোন ধরনের অনুষ্ঠান নেই। তবে বাড়িটি সংরক্ষণের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘শচীনকর্তার বাড়িটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতো গুণী সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, লোকসঙ্গীত শিল্পীর প্রতি যথাযথ মর্যাদা আমরা দিতে পারিনি। ওই ব্যর্থতা দূর করে আমরা সেটিকে নতুন করে সাজাতে চাই। উপমহাদেশের ওই কিংবদন্তী শিল্পীর প্রতি কুমিল্লাবাসী এবার দায়িত্ব নিয়েই কিছু একটা করবে।’প্রসঙ্গত, শচীন দেব বর্মন ১৯৭৫ সালের ৩১ অক্টোবর মারা যান।