শচীনরা যা পারেননি, তা পারবে কে
শচীন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, সুনীল গাভাস্কার, রিকি পন্টিং...। এভাবে বলতে থাকলে তালিকাটা বেশ বড় হয়ে যাবে। অবশ্য একজনকে কিসের ভিত্তিতে কিংবদন্তি বলা হবে, তা নির্দিষ্ট হলে তালিকাটা অন্য রকম হতে পারত। ১৪০ বছরের বেশি বয়সের ক্রিকেটে কিংবদন্তির নির্দিষ্ট সংখ্যা না খুঁজে বরং অসংখ্য বা অনেক বলে ফেলাই উচিত। সেসব কিংবদন্তির মধ্যে যে কয়জনের নাম প্রথম দিকেই আসবে, তাঁরা হলেন ডন ব্রাডম্যান, ভিভ রিচার্ডস, শচীন, পন্টিং, কুমার সাঙ্গাকারা, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, মাহেলা জয়াবর্ধনে, জ্যাক ক্যালিস। এই ছোট্ট তালিকার মধ্যে কিন্ত একজনের নাম থাকা উচিত হলেও নেই। তিনি কিংবদন্তি হয়েও একটি বিষয়ে এসব কিংবদন্তির থেকেও আলাদা। বাকিরা যা করতে পারেননি, তা–ই করেছেন তিনি। এতক্ষণে বুঝে যাওয়ার কথা তিনি কে।
তিনি পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান, যিনি ৪০০ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক তাঁর ২৪ বছরের ক্যারিয়ারে যা পারেননি। ২০০টি টেস্ট খেলে কখনো ৪০০ রানের ইনিংস খেলতে পারেননি লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। টেস্টে সর্বোচ্চ গড়ওয়ালা (৯৯.১৪) স্যার ডন ব্র্যাডম্যানও পারেননি। শচীনের আদর্শ ভিভ রিচার্ডসও না। টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটাও (৫০১ অপরাজিত) লারার দখলে।
চার শ করা এত কষ্ট! এত মহান ব্যাটসম্যানরা সারা জীবনে একবারও করতে পারলেন না। ব্র্যাডম্যান ৪০০ থেকে ৬৬ রান দূরে থেমে গেছেন। লারার এই অর্জনের আগে হয়তো তাঁরা ভাবতেও পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ করা সম্ভব। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে লারার আগেও ৪০০ রানের অধিক ইনিংস খেলেছেন ৮ জন। যেকোনো স্তরেই চার শর বেশি রানের ইনিংস খেলা বিশাল ব্যাপার। তবু আন্তর্জাতিক আর প্রথম শ্রেণির ক্রিকেটের মাঝে ফারাক তো অবশ্যই আছে। লারাও আন্তর্জাতিক রেকর্ড করার প্রায় ১০ বছর আগে ইংলিশ কাউন্টিতে ৫০১ রান করেছিলেন মাত্র ৪২৭ বলে।
প্রথম শ্রেণির ক্রিকেটে স্বার্থপরের মতো এত লম্বা সময় খেলার সুযোগ থাকলেও আন্তর্জাতিকে তো তা নেই। তবু সুযোগ পেলেও চার শ করা তো আর অত সহজ নয়! আন্তর্জাতিক টেস্টে ২৮ জনের ৩১টি তিন শর বেশি রানের ইনিংস রয়েছে। এর মধ্যে ২৩ জনই চার শর আগে আউট হয়ে গেছেন। এখন আপনি বলতে পারেন, যাঁরা অপরাজিত ছিলেন, তাঁরা তো করে ফেলতে পারতেন চার শ। আর যাঁরা আউট হয়েছেন, তাঁরা তো ব্যর্থই! তাহলে ধরে নিই, যাঁরা ৩৫০–এর ওপরে গিয়ে অপরাজিত ছিলেন, তাঁরা হয়তো চার শত করতে পারতেন। কিন্তু সে সংখ্যাটা তো মাত্র ১। বাকি ৭ জন অপরাজিত থাকলেও অনেক দূরে ছিলেন। ৪০০ রান থেকে ১ রান কম থাকলেও তো এটা নিশ্চিত নয় যে তিনি ৪০০ করবেন। আর বাকি সাতজন তো ছিলেন অনেক দূরে, ৫০ রানেরও বেশি।
৪০০–এর কাছাকাছি, ৩৫০–এর ওপর মানদণ্ড হিসেবে ধরলে তা করতে পেরেছেন মাত্র পাঁচজনই। এর মধ্যে আউট হয়েছেন চারজন। শুধু ৩৬৫ রান করে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স, সে লারার মহাকাব্যিক ইনিংসের ৪৬ বছর আগে। আর তখন সেটাই ছিল টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সোবার্সও হয়তো ধরে নিয়েছিলেন এটাই সর্বোচ্চ থাকবে অনেক বছর। থেকেছেও প্রায় ২৬ বছর। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭৫ রান করেই আবার ১৯৯৪ সালে সোবার্সের রেকর্ড ভেঙেছিলেন ব্রায়ান লারা।
লারার ৪০০ রানের ইনিংসের পরে ৩০০–এর বেশি রানের ইনিংস খেলা হয়েছে ১২টি। এর মধ্যে অপরাজিত ছিলেন পাঁচজন। কোনো ব্যাটসম্যান ৩০০ রান করার পরও দল কেন ইনিংস ঘোষণা করে? জয়ের জন্যই তো! আর এই পাঁচজনেরই কিন্তু নিজের দল সেসব টেস্টে জয়লাভ করেছে। সবশেষ ওয়ার্নার ৩৩৫–এ অপরাজিত থাকা অবস্থায় অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে। শেষে পাকিস্তানের বিপক্ষে তাঁরা জেতেও। এ রকম হাশিম আমলা (৩১১*), মাইকেল ক্লার্ক (৩২৯*), করুন নায়ার (৩০৩*), আজহার আলী (৩০২*) সবারই দল জিতেছে।
তবে ৩০০–এর বেশি রান করে অপরাজিত থেকেছেন আর দল জেতেনি—এ রকম দুজন ব্যাটসম্যান রয়েছেন। সে অনেক আগের কথা, ১৯৩৩ সালে। প্রথমে ব্যাট করে ২০০–এর আগে অলআউট হয় নিউজিল্যান্ড। এরপর ওয়ালি হ্যামন্ডের ৩৩৬ রানে ভর করে ৫৪৮ করে ইংল্যান্ড। পরে নিউজিল্যান্ড বিনা উইকেটে ১৬ রান করে। ম্যাচ হয়ে যায় ড্র। তবে ম্যাচটা ছিল তিন দিনের!
আরেকজন হচ্ছেন অস্ট্রেলিয়ার মার্ক টেলর। ১৯৯৮ সালে তিনি পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেন। কিন্ত ম্যাচটা হয়ে যায় ড্র। অবশ্য তাঁর অত বড় ইনিংস খেলার কারণে অস্ট্রেলিয়া জিততে পারেনি, তা-ও বলা যাচ্ছে না। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৯৯ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে পাকিস্তানও করে ফেলে ৫৮০ রান। এরপর আবার অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২৮৯ রান করে। ম্যাচের পাঁচ দিনও পার হয়ে যায়।

তাহলে এই যে অসংখ্য কিংবদন্তি এত এত টেস্ট খেলে গেলেন। কিন্তু কেউই ৪০০ রানের ইনিংস খেলতে পারলেন না। ইতিহাসের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার তো ২৪৮ রানই করতে পেরেছেন সর্বোচ্চ। পৃথিবীতে একমাত্র ব্রায়ান লারাই ৪০০ রানের ইনিংস খেলতে পারলেন। এত এত রথী-মহারথী যা পারলেন না! নিশ্চয়ই তা তো আর সহজ কাজ নয়। কিন্ত লারার এই অসাধ্য কাজ করার কারণে অনেকে তাঁকে স্বার্থপরের তকমাও দিয়েছেন। কিন্তু ১৪৩ বছরে কেউ স্বার্থপর হয়ে কিংবা না হয়েও তো এ অসাধ্য সাধন করতে পারেননি। এ জন্য তো স্বার্থপর লারা একটা স্যালুট পেতেই পারেন। তাহলে লারাকে মনে মনে একটা স্যালুট দিয়েই দেন না!
স্যালুট, ব্রায়ান চার্লস লারা। স্যালুটটা লারার প্রাপ্যই...।
৪০০ রান করা একা একা পাহাড় কাটার সমান বলা যায়। আবার বলা হয়, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। ক্রিকেট রেকর্ড গড়া-ভাঙার খেলা। ভারতের দশরথ মাঝি নামের এক ভদ্রলোক তো একা পাহাড় কেটেও ফেলেছিলেন। তাহলে কি লারার পাহাড়সম স্কোর কেউ করতে পারবে না! লারার ৪০০–এর পর হয়তো ক্রিকেটাররা ভাবতে শুরু করেছেন ৪০০–ও করা সম্ভব। কিন্তু সম্ভব হলেও সেটা হতে আর কত দিন! ১৬ বছর পার হয়ে গেছে।
কীর্তিমান লারা মনে করেন তাঁর কীর্তি অর্জন করতে পারবে তিনজন—ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা ও বিরাট কোহলি। ওয়ার্নার যেতে পেরেছেন ৩৩৫ পর্যন্তই। রোহিত আর কোহলি এখনো ত্রিশতকই করতে পারেননি। তাহলে কে হবেন দ্বিতীয় চার শতকিয়ান? দশরথ মাঝি হতে আর কত দিন? লারাও যে তাঁর জীবদ্দশায় তা দেখে যেতে চান!