শটগান কেড়ে পিটিয়ে ওসির পা ভেঙে দিল শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবিরের হামলায় আহত পুলিশের এক সদস্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি। ছবি: শহীদুল ইসলাম
শিবিরের হামলায় আহত পুলিশের এক সদস্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি। ছবি: শহীদুল ইসলাম
শিবিরের হামলায় আহত ওসি আবদুল মজিদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি। ছবি: শহীদুল ইসলাম
শিবিরের হামলায় আহত ওসি আবদুল মজিদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি। ছবি: শহীদুল ইসলাম

হরতাল চলাকালে আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগরের বিনোদপুরে পুলিশের কাছ থেকে শটগান কেড়ে নিয়ে পিটিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পা ও হাতের আঙুল ভেঙে দিয়েছেন শিবিরের কর্মীরা। তাঁদের হামলায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ওসির ওয়্যারলেস সেটটি নিয়ে গেছেন। ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৯ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া আটটার দিকে নগরের বিনোদপুর এলাকায় শিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। এর আগে থেকেই নগরের মতিহার থানার ওসি আবদুল মজিদসহ পুলিশের সাতজন সদস্য তাঁদের পিকআপ ভ্যান নিয়ে সড়কের উত্তর পাশে কদমতলায় অবস্থান করছিলেন। একপর্যায়ে পুলিশের তিনজন সদস্য পাশের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় শিবিরের কর্মীদের মিছিলটি বিনোদপুর বাজারের দক্ষিণ পাশ দিয়ে রাজশাহী-নাটোর সড়কে উঠতেই সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছোড়া হয়। পুলিশের কাছাকাছি গিয়ে ককটেলগুলো বিস্ফোরিত হয়। পুলিশ শিবিরের কর্মীদের লক্ষ্য করে শটগান থেকে গুলি এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিবিরের হামলায় আহত পুলিশের এক সদস্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি। ছবি: শহীদুল ইসলাম
শিবিরের হামলায় আহত পুলিশের এক সদস্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি। ছবি: শহীদুল ইসলাম

এ সময় শিবিরের কর্মীদের মধ্য থেকে কেউ একজন বলে ওঠেন ‘পুলিশ কম আছে, ধর।’ এর পরপরই শিবিরের কর্মীরা রাস্তা পার হয়ে পুলিশের দিকে ছুটে আসেন। এ সময় পুলিশ ভ্যানের চালক ভ্যান নিয়ে দ্রুত পশ্চিম দিকে পালাতে থাকেন। ওসিসহ পুলিশের চার সদস্য রাস্তার উত্তর পাশ দিয়ে পশ্চিম দিকে দৌড়াতে থাকেন। এর মধ্যেই শিবিরের কর্মীরা চারদিক থেকে তাঁদের ঘেরাও করে ফেলেন। তাঁরা প্রথমে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে পুলিশদের পেটাতে থাকেন। একপর্যায়ে তাঁরা কনস্টেবল রেজাউল করিম ও মেরাজ উদ্দিনের হাত থেকে তাঁদের শর্টগান কেড়ে নিয়ে তাঁদের পেটাতে শুরু করেন। তাঁরা ওসি ও একজন পুলিশ কনস্টেবলকে বাজারের রেজভী টেলিকম ও মোবাইল সার্ভিসের দোকানে শেডের ভেতরে ঘেরাও করে পেটাতে থাকেন। এ ছাড়া ওয়েমার্ক কোচিং সেন্টারের পাশে একটি খড়ির আড়তের ভেতরে অপর একজন কনস্টেবলকে পেটাতে থাকেন। হামলায় পুলিশ সদস্যদের মাথার হেলমেট ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
চা পান করতে যাওয়া পুলিশের সদস্যরা পালিয়ে রাজশাহী বেতারের সম্প্রচার কেন্দ্রের দিকে চলে যান। কিছুক্ষণ পরই নগরের কাজলায় দায়িত্বরত পুলিশের দল ঘটনাস্থলে যায়। তারা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত পুলিশ সদস্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সাধীন কনস্টেবল রেজাউল করিম বলেন, চারদিক থেকে ঘিরে ফেলার কারণে তাঁরা পেরে ওঠেননি। শিবিরের কর্মীরা পিটিয়ে তাঁর বন্দুকটি ভেঙে ফেলেছেন।
ওসি আবদুল মজিদকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ভাঙা হাতে ব্যান্ডেজ করার পর তাঁকে হাসপাতালের এক নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে। কথা বলতে চাইলে তিনি হু-হ্যাঁ ছাড়া কোনো কথা বলতে পারেননি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান বি কে দাম বলেন, ওসির ডান পায়ে হাঁটুর নিচের হাড় কয়েক টুকরা হয়ে ভেঙে গেছে। তাঁর ডান হাতের দুটি আঙুলও ভেঙে গেছে।
পুলিশ কেন হামলার শিকার হলো, জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেন, অল্প সংখ্যক পুলিশ নিয়ে যাওয়ার কারণেই পুলিশ এই হামলার শিকার হয়েছে। এটা ওসির দূরদর্শিতার অভাবের কারণেই হয়েছে। তিনি বলেন, সাতজন পুলিশ সেখানে ছিল, তাদের মধ্যে তিনজন চা পান করতে গিয়েছিল। এ জন্য শিবিরের কর্মীরা তাদের ওপর হামলা করতে সাহস পেয়েছেন।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, খোয়া যাওয়া ওয়্যারলেস সেটটি তাঁরা উদ্ধার করার চেষ্টা করছেন। তবে বিকেল সাড়ে চারটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ওয়্যারলেস সেট উদ্ধার করতে পারেনি।