শণপাট রাঙিয়ে দেবদেবীর চুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর কয়েক দিন বাকি। পূজা সামনে রেখে দম ফেলার সময় নেই পাবনার বেড়া উপজেলার মাছখালী গ্রামের রহিমা খাতুনের পরিবারে। এই পরিবারের সবাই এখন দেবদেবীর প্রতিমার জন্য চুল বানানোর কাজে ব্যস্ত। এই কাজ করে তাঁরা সংসারে এনেছেন সচ্ছলতা।
রহিমা খাতুন ও তাঁর পরিবারের লোকজন জানান, প্রতিবছর দুর্গাপূজার আগে দেবদেবীর প্রতিমার মাথায় লাগানোর জন্য চুলের ব্যাপক চাহিদা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। এ জন্য তাঁরা দিনরাত খেটে চুল তৈরি করছেন।
তারা জানান, চুল তৈরির প্রধান উপকরণ হলো শণপাট। বিশেষ ধরনের এই পাট কিনতে হয় প্রতি মণ তিন হাজার থেকে তিন হাজার ২০০ টাকায়। চুল তৈরির জন্য এই পাট রং ও রাসায়নিক পদার্থ মেশানো পানিতে চুবিয়ে সেদ্ধ করতে হয়। এরপর রোদে শুকিয়ে নিলেই তা দেবদেবীর মাথায় ব্যবহারের জন্য প্রস্তুত হয়। তৈরি করা চুল ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।
এ ব্যাপারে রহিমার ছেলে আবদুস সালাম বলেন, ‘পূজার আগের দুই-আড়াই মাস চুল বানানোর কাম করি। বছরের বাকি সময়টা রিকশা-ভ্যান চালাই। আমার বাবা-মা, ভাই ও বাড়ির দুই বউ সবাই মিল্যা আমরা এই মৌসুমে চুল বানায়া ভালোই আয় করি।’