নিতান্ত গরিবঘরের সন্তান ওরা। কেউ ফুটপাতে বসে ছাতা মেরামতের কাজ করেছে, কেউ অন্যের বাড়িতে করেছে গৃহপরিচারিকার কাজ। টাকার অভাবে ফরম পূরণ করাই অনিশ্চিত ছিল কারও কারও। এতকিছুর পরও এবারের এসএসসি পরীক্ষায় তারা পেয়েছে অসামান্য সাফল্য। পেয়েছে সব কটি বিষয়ে জিপিএ-৫। পাঠক, চলুন এমনই কজন শিক্ষার্থীর জীবনের গল্প শুনি আজ। ছাতা মেরামত করে জিপিএ-৫ পেল হাসান: আড়াই বছর বয়সে মা মারা যায় তার। বড় হয় সত্মায়ের সংসারে। বাবা সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন বাজারে ছাতা মেরামতের কাজ করেন। স্কুল ছুটির পর হাসানও নিয়মিত ছাতা মেরামত করত। এভাবেই হাসানুল ইসলাম এবার উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে পরীক্ষা (বিজ্ঞান বিভাগ) দিয়েছিল। বাবা আবদুল মালেক জানান, তাঁর সঙ্গে ছাতা মেরামত করে ছেলেটা নিজের বই-খাতা কিনত। তবে শীতের তিন মাস কাজ বন্ধ থাকায় অনেক কষ্ট হয়। বৃত্তি পাওয়ায় স্কুলে বেতন দিতে হয়নি। হাসানুল জানায়, ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় সে। যত দিন সম্ভব, বাবার সঙ্গে ছাতা মেরামতের কাজ করবে।এত কষ্টের মধ্যেও শিক্ষক হওয়ার স্বপ্ন তানিয়ার: স্ত্রী-সন্তান ফেলে, ভিটেমাটি বেচে দিয়ে জহুরুল সরদার অন্যত্র চলে গেছেন। রেহেনা বেগম (৪০) চার সন্তান নিয়ে আশ্রয় নেন অন্যের বাড়িতে। পাশের বাড়িতে মাসে ৫০০ টাকা বেতনে গৃহপরিচারিকার কাজ নেন। এতে সংসার চলে না। খেতখামারে বা রাস্তায় যেদিন যে কাজ পাওয়া যায়, সেই কাজে লেগে যান রেহেনা। আর গৃহপরিচারিকার কাজটি দিয়ে দেন মেয়ে তানিয়াকে। তানিয়া খাতুন এবার দাখিল পরীক্ষায় খুলনার ডুমুরিয়া উপজেলার রানাই মহিলা দাখিল মাদ্রাসা থেকে মানবিক বিভাগে এ সাফল্য পেয়েছে।চার ভাইবোনের মধ্যে তানিয়া মেজো। রেহেনা বেগম বলেন, ‘যেদিন রিজাল হইলো সেদিনউ আমাগে রাত্তিরি খা (খাবার) জুটিনি। এহন আমি ওরে উপোরের কিলাসে পড়াবো কেমনেরে বুঝতিছিনে।’ সুযোগ পেলে শিক্ষক হবে তানিয়া।তাক লাগিয়ে দিয়েছে মাহফুজ: এসএসসির ফরম পূরণ তখন শেষের দিকে। টাকা জোগাড় হয়নি। সহপাঠীরা স্কুলে এসে হাসিমুখে ফরম পূরণ করছে। বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল মাহফুজ। ঘটনা জানতে পেরে এক প্রতিবেশী মাহফুজকে টাকাটা দেন। জয়পুরহাটের আক্কেলপুরের পশ্চিম আমুট্ট গ্রামের মাহফুজ এবার ফজর উদ্দিন পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে সবকটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।বাবা আজাদ হোসেন রিকশা চালান, মা অন্যের বাড়িতে কাজ করেন। মাহফুজ বলে, ‘ছোট থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছি। কিন্তু ভালো কলেজে পড়ার সাধ্য আমার মা-বাবার নেই।’ প্রতিবেশী মাজেদুর রহমান বলেন, ‘লেখাপড়ার প্রতি অসম্ভব টান ছিল ওর।’খেয়ে না-খেয়েও সুমনার সাফল্য: ‘বাপ অইয়া পুড়িটারে (মেয়েটাকে) ভালামতো খাবাইতাম (খাওয়াতে) পারছি না। একটা জামাও কিনিয়া দিতাম পারছি না। চিন্তা করিয়ার (করছি), আর পড়াইতাম (পড়াতে) পারমুনি?’ উদ্বেগের সঙ্গে কথাগুলো বললেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুরা গ্রামের দিনমজুর ইসমাইল আলী (৫০)। তাঁর ছোট মেয়ে সুমনা আক্তার এবার হাজি আপ্তাব উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা (মানবিক বিভাগ) দিয়েছিল। এর আগে সে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।সুমনা বলে, ‘জিদ করছিলাম ভালো রেজাল্ট করার। সেটা করেছি। স্যাররাও সহযোগিতা করেছেন। লেখাপড়া শেষে একজন শিক্ষক হতে চাই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম বলেন, ‘অভাব-অনটনের সঙ্গে লড়াই করে সুমনার অভাবনীয় সাফল্য আমাদের মুগ্ধ করেছে।’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ); কাজী আবদুল্লাহ্, ডুমুরিয়া (খুলনা); রবিউল ইসলাম, আক্কেলপুর (জয়পুরহাট); কল্যাণ প্রসূন, জুড়ী (মৌলভীবাজার)]