এক মাস কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে সারা দেশে প্রায় ১০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই বস্ত্র ও পাট মন্ত্রণালয় হঠাৎ এই নির্দেশ দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এ সময় বিজেএর সদস্যরা এই নির্দেশ বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজেএর সাবেক জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শেখ আবদুল মান্নান। তিনি বলেন, সরকার ব্যবসায়ী বা অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই গত মঙ্গলবার থেকে এক মাসের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে। সাধারণত এই ব্যবসা পরিচালনা করা হয় ব্যাংকঋণের মাধ্যমে। এ কারণে রপ্তানি এক মাস বন্ধ থাকলেও ঋণের সুদ বন্ধ থাকবে না। তা ছাড়া বর্তমানে ঋণপত্র (এলসি) প্রাপ্তিসহ বিভিন্ন বন্দরে রপ্তানির উদ্দেশে হাজার হাজার টন পাট অপেক্ষমাণ রয়েছে। তাই পাট রপ্তানি করতে না পারলে ব্যাংকের দেনা পরিশোধ করা সম্ভব হবে না। তাই ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির দায়ভার সরকারকে নেওয়ার আহ্বান জানান তিনি।
শেখ আবদুল মান্নান দাবি করেন, দেশে কাঁচা পাটের কোনো সংকট নেই। প্রতিবছর দেশে ৭০ থেকে ৭৫ লাখ বেল (১৮০ কেজিতে এক বেল) পাট উৎপাদিত হয়। কিন্তু কলগুলোর চাহিদা রয়েছে ৪০ থেকে ৪৫ লাখ বেল। এর মধ্যে কিছু পাট রপ্তানি করা হয়। এরপরও প্রতিবছর লাখ লাখ বেল পাট উদ্বৃত্ত রয়ে যায়। দেশের পাটকলগুলোর চাহিদা থাকলে তা বিজেএ সরবরাহ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন। বিজেএ বর্তমানে চীন, ভারত, পাকিস্তান, বেলজিয়াম, আইভরিকোস্টসহ বিশ্বের ১৫টিরও বেশি দেশে পাট রপ্তানি করে থাকে। আর রপ্তানির সঙ্গে যুক্ত আছে প্রায় ১২০টি প্রতিষ্ঠান।
কাঁচা পাট রপ্তানি বন্ধ করতে ১ নভেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। জ্যেষ্ঠ সহকারী সচিব বেবী পারভীনের সই করা প্রজ্ঞাপনে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়ন করতে ৩ নভেম্বর থেকে এক মাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।