শত জীবন বাঁচালেও, বাঁচলেন না তাজুলের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজুল ইসলাম
তাজুল ইসলাম

গত ২৭ নভেম্বর অবরোধকারীদের নাশকতার হাত থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন কৃষক তাজুল ইসলাম। চাঁদপুর-লাকসাম রেলপথের মৌতাবাড়িতে সময়মতো সংকেত দেখিয়ে ট্রেনটি থামিয়েছিলেন তাজুল। ফলে নিশ্চিত বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিলেন ট্রেনের শত শত যাত্রী। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! ঠিক একই স্থানে একই ট্রেনের ইঞ্জিনের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন তাঁর বাবা মহব্বত আলী (৯৫)।

আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে চোখের সামনেই বৃদ্ধ বাবাকে ট্রেনের নিচে চাপা পড়ে প্রাণ হারাতে দেখেন তাজুল। মাত্র কয়েক দিন আগে সেখানেই নিজের জীবন বিপন্ন করে তাজুল ছুটেছিলেন মেঘনা এক্সপ্রেসকে থামাতে। ওই একই জায়গায় আজ চোখের সামনে বাবার মৃত্যু সহ্য করতে না পেরে সেখানেই মাথা ঘুরে পড়ে যান তিনি। তাজুলের মেয়ের স্বামী জাকির হোসেন জানান, সকালে রেললাইনের পথ ধরে দুধ আনতে ঘর থেকে বের হন মহব্বত আলী। এ সময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী একটি ইঞ্জিনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি জানান, তাজুলের বাবা চোখে খুব বেশি একটা দেখেন না। এমনকি কানেও শোনেন না।

রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, চাঁদপুর-লাকসাম রেলপথের মৌতাবাড়ি এলাকা দিয়ে (তাজুলের বাড়ির সামনে) চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার আগে আরেকটি ট্রেনের স্কট ইঞ্জিন যাচ্ছিল। যেকোনো ধরনের নাশকতা থেকে সাবধানতার জন্যই মেঘনা এক্সপ্রেসের আগে ওই স্কট ট্রেনটি যাচ্ছিল। এ সময় ওই ইঞ্জিনের নিচে পড়ে তাজুলের বাবা নিহত হন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ আসেনি। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন