হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার যুগল-কিশোর উচ্চবিদ্যালয়ের (জে কে হাইস্কুল) শত বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়টির প্রাঙ্গণ নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হবে।
আগামীকাল শনিবার সকাল ১০টায় হবে মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি অনুষ্ঠান উদ্বোধন করবেন।
অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যে বিদ্যালয় মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠের সামনে রং-বেরঙের তোরণ ও ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পুরো বিদ্যালয়কে।
আয়োজক সূত্র জানায়, শত বছর পূর্তি উপলক্ষে আজ বেলা আড়াইটায় বিদ্যালয়টি থেকে শোভাযাত্রা বের হবে। এটি নবীগঞ্জ শহরের প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে ফিরবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মুশফিক হুসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের উপস্থিত থাকার কথা রয়েছে।