শত বছরেও পাকা ভবন হয়নি, ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনশেড ভবনের দেয়ালে ছোট-বড় অনেক ফাটল। চালের টিনে জং ধরে হাজারো ছিদ্রের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে হাঁটুপানি জমে। চারপাশে সীমানাপ্রাচীরও ভাঙা। এ রকম প্রতিকূল পরিবেশে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কপালদাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে ক্লাস করছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের যথাযথ উদ্যোগের অভাবে প্রতিষ্ঠার ১০৪ বছর পরেও বিদ্যালয়ের জন্য একটি পাকা ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। ভবন না থাকার পাশাপাশি এখানে আছে শ্রেণিকক্ষের সংকট। এসব কারণে এ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অন্যত্র চলে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯১০ সালে ওই গ্রামের মরহুম বছির উদ্দিনের দেওয়া ২৫ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এই সময়ে ওই গ্রামের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগলেও ছোঁয়া লাগেনি এই শিক্ষাপ্রতিষ্ঠানে। সর্বশেষ বিদ্যালয়ের জন্য চার কক্ষের আধাপাকা ভবনটি ১৯৮৮ সালে নির্মাণ করা হয়। এখানে ২১৬ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক আছেন।
সরেজমিনে দেখা গেছে, আধাপাকা ভবনের তিনটি কক্ষে পাঠদান করা হয়। একটি কক্ষ প্রধান শিক্ষক ও বিদ্যালয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। শ্রেণিকক্ষের দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। মাথার ওপরে পুরোনো ছাউনি। শ্রেণিকক্ষসংকটের কারণে ভবনের দক্ষিণ পাশে টিন দিয়ে তৈরি করা হয়েছে একটি শ্রেণিকক্ষ। প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সেই কক্ষে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার জানান, ছাউনির টিনগুলো পুরোনো হয়ে ফুটো হয়ে যাওয়ায় বর্ষাকালে শ্রেণিকক্ষে বালতি রেখে পাঠদান করতে হয়। তখন বিদ্যালয়ে জমে যায় হাঁটুপানি। তিনি অভিযোগ করেন, তাঁর বিদ্যালয়ের চেয়ে অনেক কম ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ বিদ্যালয় ভবন পেয়েছে। বিদ্যালয়ে তিনি ২০০৩ সালে যোগদান করার পর থেকে নতুন ভবন নির্মাণের জন্য প্রতিবছর লিখিত আবেদন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
সহকারী শিক্ষিকা সালমা বেগম জানান, শ্রেণিকক্ষসংকট ও বেহাল অবস্থার কারণে অভিভাবকেরা তাঁদের সন্তানদের আর এ বিদ্যালয়ে ভর্তি করাতে চান না। শ্রেণিকক্ষসংকটের কারণে বর্তমানে ২১৬ জন শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান জানান, ২০০৯ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন সাংসদ ওই বিদ্যালয়ে ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভবন নির্মাণে আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা শিক্ষা কমিটির সদস্য সায়েম সবুজ জানান, অবিলম্বে ওই বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য তিনি স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অনেক আগেই বিদ্যালয়টিতে ভবন নির্মাণ করা উচিত ছিল। পূর্ববর্তী কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই হয়তো বিদ্যালয়টিতে ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।
দিনাজপুর-৬ আসনের (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) সাংসদ শিবলী সাদিক জানান, বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। অচিরেই নবাবগঞ্জ উপজেলায় প্রথম ওই বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হবে।