
গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে চার নারীকে জয়িতা নির্বাচিত করা হয়। গত ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে চার নারীকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। সম্প্রতি চার জয়িতা শুনিয়েছেন শত বাধা পেরিয়ে জীবনযুদ্ধে তাঁদের এগিয়ে চলার গল্প।
ওই চার জয়িতা হলেন উপজেলার বরমী গ্রামের রেজিয়া খাতুন, একই ইউনিয়নের পাঠানটেক গ্রামের বিপ্লব চন্দ সাহার স্ত্রী লক্ষ্মী রানী সাহা, তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মৃত গণেশ মিত্রের স্ত্রী চায়না রানী মজুমদার ও উদয়খালী গ্রামের আলী হোসেনের স্ত্রী কামরুন্নাহার।
রেজিয়া খাতুন বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী যৌতুকের জন্য গালাগালসহ অমানুষিক নির্যাতন করতেন। তাঁর অনুমতি ছাড়াই স্বামী দ্বিতীয় বিয়ে করেন। অত্যাচার সইতে না পেরে নিজের তিন সন্তানকে নিয়ে পিত্রালয়ে চলে আসেন। অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে তাঁকে। তিনি সুই-সুতায় হাতের কাজ শিখে উপার্জন করেছেন। সন্তানদের লেখাপড়া শিখিয়েছেন। এত কিছুর পরও সমাজ ও পরিবারের স্বজনদের কাছ থেকে যথাযথ মূল্যায়ন পাননি তিনি। বর্তমানে তিনি বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্য। এখন সবাই তাঁকে সম্মান করে, মর্যাদা দেয়। তাঁর সাহসী সিদ্ধান্তের কারণে এলাকার অন্য নারীরাও উজ্জীবিত হয়েছেন।
লক্ষ্মী রানী সাহা বলেন, দরিদ্র পরিবারে বিয়ে হওয়ায় অর্ধাহারে-অনাহারে থাকতে হয়েছে তাঁকে। মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করতে হয়েছে। বোনের কাছ থেকে তিন শত টাকা নিয়ে কাপড় কিনে বাড়ি বাড়ি বিক্রি শুরু করেন তিনি। নারী হয়ে কাপড় ফেরি করার জন্য এলাকার লোকজন নানাভাবে তাঁকে লজ্জা দিতেন। কিন্তু তাঁদের কথা তিনি কানে নেননি। লোকের কথায় ভয় না পেয়ে জীবন-সংগ্রামে এগিয়ে চলেছেন তিনি। সেই ৩০০ টাকার কাপড়ের ব্যবসা এখন দাঁড়িয়েছে ৫ লাখে। তখন মানুষ অবহেলা করলেও এখন তিনি গ্রামের অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁকে দেখে অনেকেই ব্যবসায় নেমেছেন। তিনি তাঁর চার মেয়েকে শিক্ষিত করেছেন। একজন বিএসসি পড়ছে।
চায়না রানী মজুমদার বলেন, স্বামীর মৃত্যুর পর তিন সন্তান নিয়ে অনাহারে-অর্ধাহারে কেটেছে তাঁর জীবন। এসএসসি পাস হওয়ায় টিউশনি করে এবং ওষুধ বিক্রি করে তিন সন্তানকে শিক্ষিত করেছেন তিনি। স্বামীর কোনো জায়গা-জমি, টাকাপয়সা ছিল না। নিত্য অভাব থাকায় কেউ আর্থিক সহযোগিতাও করতে চায়নি। পরে ব্র্যাক থেকে প্রশিক্ষণ নিয়ে ছোট ব্যবসা শুরু করেন। স্থানীয় গণ্যমান্য ও প্রতিবেশী স্কুলের শিক্ষকদের সহায়তায় প্রথম ও তৃতীয় মেয়েকে বিএসসি, দ্বিতীয় মেয়েকে ডিপ্লোমা পড়াচ্ছেন।
কামরুন্নাহার বলেন, বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ি ও স্বামী তাঁকে জ্বালাতন করতেন। একসময় স্বামী অসুস্থ হয়ে পড়েন। মনোবল দৃঢ় করে নিজের স্বপ্নপূরণের জন্য চেষ্টা চালিয়ে যান তিনি একাই। তিনি ২০১৪ সাল থেকে বিনা মূল্যে সকালে শিশুদের এবং বিকেলে নারীদের কোরআন শিক্ষা দেন। নিজের জায়গায় একটি মাদ্রাসা স্থাপন করেছেন। এ কাজের জন্য এলাকার সবাই তাঁর প্রশংসা করে। তাঁকে কৃতজ্ঞতার চোখে দেখে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার প্রথম আলোকে বলেন, গত বছরের ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে ওই চার নারীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান হয়। ওই চার নারী নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে চলার বিষয়টি মাথায় রেখে কাজ করে যাচ্ছেন। তাদের দেখে অন্য নারীরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, জীবনসংগ্রামে নির্যাতিত হয়েও নতুন উদ্যোগে জীবন শুরু করা, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন, সফল মা হওয়া ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা—এসব বিবেচনায় চার নারীকে জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়।