শত ভাগ পাস দেখাতে এ কোন পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় ভালো ফল করার জন্য পরীক্ষার দু-তিন দিন আগেই শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিলি করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার সব কটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।শিক্ষকেরা বলেছেন, জেলা প্রশাসক পরীক্ষায় শত ভাগ পাসের নির্দেশ দিয়েছেন। এ কারণে পরীক্ষায় ভালো ফল করতে ছাত্রছাত্রীদের মধ্যে অগ্রিম প্রশ্নপত্র বিলি করা হয়েছে। জানতে চাইলে জেলা প্রশাসক মাহমুদ হাসান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বলেছি, বেতন হালাল করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে শত ভাগ ফল অর্জনের জন্য। এভাবে অনৈতিকভাবে পরীক্ষা নিতে কেউ তাঁদের বলেননি।’ তিনি আরও বলেন, কোনো শিক্ষক মিথ্যাচার করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলায় ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ২৮ সেপ্টেম্বর এসব স্কুলে অভিন্ন প্রশ্নপত্রে পঞ্চম শ্রেণীর মডেল টেস্ট শুরু হবে। কিন্তু চার-পাঁচ দিন আগেই পরীক্ষার প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে গতকাল রোববার রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এর প্রমাণও পাওয়া যায়। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রাহাত জানায়, বাংলা, ইংরেজি, গণিতসহ ছয়টি বিষয়ের মডেল টেস্টের প্রশ্নপত্র এখন তার হাতে।স্কুলের প্রধান শিক্ষক বদরুন নাহার অগ্রিম প্রশ্নপত্র বিলির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক স্কুলগুলোতে শত ভাগ পাস নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এ কারণে আমরা শিক্ষার্থীদের মধ্যে অগ্রিম প্রশ্ন বিলি করেছি, যাতে তারা ভালো ফল করতে পারে।’স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও ঘটনার সত্যতা পাওয়া যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নেছা বেগম বলেন, ‘ছেলেমেয়েরা তেমন পড়াশোনা করে না। পরীক্ষায় ভালো ফলের জন্য তাদের প্রশ্ন দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে উপজেলা শিক্ষা কর্মকর্তা অবগত আছেন।’ পরে টাউন মডেল বালক প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কথা হয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সোহাগ, কামরান ও এনামুলের সঙ্গে। তারা জানায়, গত শনিবার শিক্ষকেরা তাদের প্রশ্নপত্র খাতায় লিখে দিয়ে বলেছেন, প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম বলেন, ‘এ পরীক্ষা তেমন গুরুত্বপূর্ণ নয়।’বিষয়টি সচেতন মহল ও ছেলেমেয়েদের অভিভাবকেরা স্বাভাবিকভাবে নেননি। আমেনা বেগম নামের একজন অভিভাবক বলেছেন, ‘শিশুদের যখন চরিত্র গঠনের সময়, ঠিক তখন তাদের অপশিক্ষা দেওয়া হচ্ছে।’সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষকেরা সারা বছর ঘুমিয়ে কাটান, আর পরীক্ষা এলে প্রশ্নপত্র বিলিয়ে দেন। এটা কোনো সভ্য সমাজের কাজ নয়।’জানতে চাইলে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আমরা নির্দেশ দিয়েছি ঠিকই, তবে শিক্ষকদের বলে দিয়েছি, ১২টি প্রশ্নের সঙ্গে অতিরিক্ত আরও ১২টিসহ মোট ২৪টি প্রশ্ন দেওয়ার জন্য, যাতে ছাত্রছাত্রীরা কমপক্ষে ১২টির উত্তর দিতে পারে।’জেলা প্রশাসক বর্তমানে প্রশিক্ষণে থাকায় তাঁর দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল ওয়াদুদ। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।